প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
গণপতির পরিবার হত্যাকান্ডের পেছনে বড় কোনো শক্তি আছে- মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী
||
রংপুর নগরীর ঐতিহ্যবাহী দাসপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের রেশ এখনো কাটেনি। এই বর্বরোচিত ঘটনার নেপথ্যে গভীর কোনো চক্রান্ত এবং প্রভাবশালী অশুভ শক্তির হাত রয়েছে বলে শক্ত দাবি জানিয়েছেন মামলার বাদী ও নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী। সনাতনী পরিবারের ওপর ঘনিয়ে আসা এই বিভীষিকাময় হত্যাকাণ্ডের ন্যায়বিচার ও হিন্দু সমাজের নিরাপত্তার দাবিতে যখন সর্বত্র তোলপাড়, ঠিক তখনই মামলার বাদীর এই বক্তব্য পুরো ঘটনাকে নতুন এক মোড়ে দাঁড় করিয়েছে। গত মঙ্গলবার নিজ বাড়িতে আয়োজিত নিহতের শ্রাদ্ধ অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন।গোপীনাথ চক্রবর্তী অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে নিশ্চিতভাবেই বড় কোনো চক্র সক্রিয় রয়েছে। সাধারণ দুজনের পক্ষে একটি পরিবারের চার চারজন মানুষকে এমন নির্মমভাবে হত্যা করা কোনোভাবেই সম্ভব নয়। একটি মানুষকে হত্যা করাই যেখানে চরম কঠিন কাজ, সেখানে পুরো একটি পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া কোনো সাধারণ অপরাধীদের কাজ হতে পারে না। অবশ্যই অলক্ষে ও আড়ালে থেকে কোনো বড় শক্তি এই বর্বরোচিত কাণ্ড ঘটিয়েছে। (News copied from- 'হিন্দুস নিউজ') উল্লেখ্য, দাসপাড়ার নিজ বাসভবনে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর সহধর্মিণী প্রীতিলতা চক্রবর্তী, কন্যা আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুশ চক্রবর্তীকে নৃশংসভাবে হত্যা করা হয়।এই চার সনাতনীর মর্মান্তিক হত্যাকাণ্ডের ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন সামনে আসার পর থেকেই মানবাধিকারকর্মী ও সনাতনী অধিকার রক্ষা আন্দোলনের সাথে যুক্ত ব্যক্তিদের মনে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে। অন্যদিকে, পুলিশের তদন্তে উঠে আসা প্রাথমিক তথ্য এবং নিহতের স্বজনদের তোলা যুক্তিসঙ্গত দাবিগুলোকে কেন্দ্র করে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে চরম সংশয় ও অসন্তোষ দেখা দিয়েছে। বিয়ের পিঁড়িতে বসার আগেই আগামী চক্রবর্তীর স্বপ্নের সলিল সমাধি এবং একই সাথে পুরো পরিবারের এই করুণ পরিণতি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে। সনাতনী সমাজ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে—কখন এই নারকীয় হত্যাকাণ্ডের প্রকৃত মাস্টারমাইন্ডদের মুখোশ উন্মোচিত হবে এবং অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news