প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালীর সেনবাগে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
হৃদয় চন্দ্র শীল (সুবর্ণচর প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
নোয়াখালীর সেনবাগে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সেনবাগ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সেনবাগ উপজেলা পূজা উদযাপন কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে সেনবাগ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক উত্তম কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার ভৌমিক, শংকর মজুমদারসহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিরা।আলোচনা সভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবন, কর্ম, আদর্শ ও শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, শ্রীকৃষ্ণের শিক্ষা মানুষের মধ্যে ন্যায়, সত্য, মানবিকতা, পারস্পরিক সৌহার্দ্য ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁর জীবনাদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার আহ্বান জানান বক্তারা।আলোচনা সভা শেষে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও র্যালি বের করা হয়। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোরসহ সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বিভিন্ন ধর্মীয় স্লোগান ও নামসংকীর্তনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।মঙ্গল শোভাযাত্রাটি সেনবাগ উপজেলা পরিষদ অডিটোরিয়াম থেকে বের হয়ে সেনবাগ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেনবাগ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় সড়কের পাশে থাকা স্থানীয় মানুষজনও শোভাযাত্রাটি উপভোগ করেন।আয়োজকরা জানান, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ধর্মীয় তাৎপর্য তুলে ধরা, সনাতন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং নতুন প্রজন্মের কাছে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।সেনবাগ উপজেলা পূজা উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত জন্মাষ্টমীর এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news