প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাষাড়ায় ডেকে এনে পূর্বপরিকল্পিতভাবে শুভ চন্দ্র দাসকে হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩
||
নারায়ণগঞ্জের চাষাড়ায় শুভ চন্দ্র দাস (৩০) নামে এক হিন্দু যুবককে পূর্বপরিকল্পিতভাবে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার হকার্স মার্কেটের পেছনে দুর্গামলের সামনে সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত শুভ চন্দ্র দাস নারায়ণগঞ্জ সদর উপজেলার গলাচিপা এলাকার হরি চন্দ্র দাসের ছেলে।পুলিশের ভাষ্য অনুযায়ী, পূর্বপরিকল্পিতভাবে শুভকে ঘটনাস্থলে ডেকে আনা হয়। সেখানে আগে থেকেই ১০ থেকে ১২ জনের একটি দল অবস্থান করছিল। পরে তারা শুভর ওপর হামলা চালায়। পুলিশের প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডে অনিক দাশ, অহিদসহ কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) দাবি, হত্যার পরিকল্পনা করেন অনিক দাশ ও সুমন। এরপর অনিক ও অহিদ দাশের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল ঘটনাস্থলে জড়ো হয়। শুভ সেখানে আসার পর অনিক ও অহিদ তাকে গুলি করেন বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। এরপর দলের অন্য সদস্যরা শুভকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।পরে খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুভ চন্দ্র দাসের গুলিবিদ্ধ ও ছুরিকাহত মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। গত ৫ সেপ্টেম্বর দায়ের করা মামলায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর জেলা গোয়েন্দা পুলিশ ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চালানো হয়। তদন্তের ধারাবাহিকতায় হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের নেপথ্যে কী কারণ ছিল, ঘটনায় আরও কারা জড়িত এবং ব্যবহৃত অস্ত্রসহ অন্যান্য আলামত উদ্ধারে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের বিষয়ে আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে।এদিকে চাষাড়ার মতো ব্যস্ত এলাকায় একজন যুবককে পরিকল্পিতভাবে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news