প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘জীবন সংকটে’ চিন্ময় কৃষ্ণ দাসের মা, শেষবার সন্তানের মুখ দেখার সুযোগ চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন
||
কারাবন্দি শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অসুস্থ মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁর সঙ্গে শেষবারের মতো সাক্ষাতের সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে জরুরি মানবিক আবেদন জানানো হয়েছে।বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে এই আবেদন জানানো হয়। জোটের প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদার স্বাক্ষরিত আবেদনে বলা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ক্যান্সারে আক্রান্ত ওই নারী এখন কার্ডিওজেনিক শকে ভুগছেন এবং হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (HDU) চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তাঁর শারীরিক অবস্থা ‘ক্রিটিক্যাল’।আবেদনপত্রে বলা হয়, মায়ের জীবনের শেষ সময়ে তাঁর সন্তানের মুখ একবার দেখার আকাঙ্ক্ষা অত্যন্ত স্বাভাবিক ও মানবিক। চিন্ময় কৃষ্ণ দাস বর্তমানে কারাবন্দি থাকায় অসুস্থ মায়ের পাশে উপস্থিত হতে পারছেন না। এ অবস্থায় মায়ের সঙ্গে সন্তানের শেষ সাক্ষাতের সুযোগ দেওয়ার জন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের মানবিক হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।
আবেদনে আরও উল্লেখ করা হয়, চিন্ময় কৃষ্ণ দাস তাঁর মায়ের গর্ভে থাকা অবস্থাতেই পিতৃহারা হন। পরবর্তীতে তাঁর মা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সন্তানকে বড় করে তোলেন। জীবনের এমন সংকটময় সময়ে সেই সন্তান মায়ের পাশে থাকতে না পারায় পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উদ্দেশে বলা হয়েছে, একজন বন্দির বিষয়টি আইন ও বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত হলেও মৃত্যুশয্যায় থাকা একজন মায়ের সঙ্গে সন্তানের সাক্ষাতের সুযোগ দেওয়ার বিষয়টি মানবিক ও পারিবারিক দৃষ্টিকোণ থেকেও বিবেচনা করা প্রয়োজন।আবেদনপত্রে বলা হয়, শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে তাঁর অসুস্থ মায়ের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া কোনো রাজনৈতিক দাবি নয়; বরং এটি একজন মায়ের শেষ আকাঙ্ক্ষা পূরণের আবেদন। প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।আবেদনে আরও বলা হয়েছে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে একটি মানবিক উদ্যোগ একজন মায়ের শেষ ইচ্ছা পূরণের সুযোগ তৈরি করতে পারে এবং একই সঙ্গে একজন সন্তানের জন্যও এটি হয়ে উঠতে পারে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মানবিক মুহূর্ত।বাংলাদেশের সনাতনী ও সংখ্যালঘু সমাজের পক্ষ থেকে করা এই আবেদনে আশা প্রকাশ করা হয়েছে, প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপে চিন্ময় কৃষ্ণ দাস তাঁর মায়ের জীবনের শেষ সময়ে তাঁর পাশে দাঁড়ানোর সুযোগ পাবেন।এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের মায়ের শারীরিক অবস্থাকে ঘিরে তাঁর অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও উদ্বেগ বাড়ছে। পরিবারের পক্ষ থেকেও মায়ের সঙ্গে সন্তানের সাক্ষাতের সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে বলে জানা গেছে।তবে আবেদনটির বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শেষ পর্যন্ত অসুস্থ মায়ের সঙ্গে কারাবন্দি সন্তানের সাক্ষাতের সুযোগ মিলবে কি না, এখন সেদিকেই তাকিয়ে পরিবার, শুভাকাঙ্ক্ষী ও সনাতনী সমাজ।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news