প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর পরেই কেবল প্যারোল সম্ভব: চিন্ময়ের মুক্তি নিয়ে কী বলছে আইন? মাঠে পুলিশ
||
কারাবন্দি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (চন্দন কুমার ধর) ৭১ বছর বয়সী অসুস্থ মা সন্ধ্যা রাণী ধর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল গ্রামের পুণ্ডরীক ধামে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুসে তীব্র সংক্রমণ ও রক্তচাপজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার চরম অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছিল। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা মা মৃত্যুর আগে বারবার তাঁর কারারুদ্ধ সন্তান চিন্ময়কে একনজর দেখার আকুল মিনতি জানিয়েছিলেন। কিন্তু প্রশাসনিক জটিলতা ও আইনের কঠোর বেড়াজালে মায়ের সেই শেষ আকুতি অপূর্ণই থেকে গেল।অসুস্থ মাকে দেখতে চিন্ময় কৃষ্ণ দাসের পরিবারের পক্ষ থেকে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তির (প্যারোল) আবেদন জানানো হলেও প্রশাসন তা নাকচ করে দেয়। (News copied from- 'হিন্দুস নিউজ') প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কেবল নিকটাত্মীয়ের মৃত্যু হলেই প্যারোলে মুক্তির সুযোগ রয়েছে, অসুস্থ স্বজনকে দেখার জন্য কোনো আইনি বিধান নেই। মায়ের মৃত্যুর পর তাঁর মরদেহ শেষ ইচ্ছা অনুযায়ী হাটহাজারীর পুণ্ডরীক ধামে নেওয়া হয়েছে, যেখানে শেষকৃত্য অনুষ্ঠিত হবে। বর্তমানে সনাতনী এই ধর্মীয় নেতার স্বজনরা মায়ের সৎকারে অংশ নেওয়ার সুযোগ পেতে পুনরায় জেলা প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন। জেলা প্রশাসন কিংবা আদালতের অনুমোদন মিললে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় তাঁকে সৎকারানুষ্ঠানে আনা হতে পারে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এ ঘটনায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও অতিরিক্ত রিজার্ভ ফোর্স মোতায়েন করা হয়েছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news