প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬
রাঙ্গুনিয়ায় বীর মুক্তিযোদ্ধা ও গীতা শিক্ষিকা সুলেখা রানী সাহার পরলোকগমন
সৌরভ সাহা (রাঙ্গুনিয়া প্রতিনিধি ), স্টাফ রিপোর্টার ||
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের নিবাসী বীর মুক্তিযোদ্ধা, হোসনাবাদ দুর্গাবাড়ীর গীতা শিক্ষিকা সুলেখা রানী সাহা পরলোকগমন করেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় সনাতন সম্প্রদায়, গীতা শিক্ষার্থী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।সুলেখা রানী সাহা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশের স্বাধীনতা অর্জনে অবদান রাখেন। পরবর্তী সময়ে তিনি হোসনাবাদ দুর্গাবাড়ীর গীতা শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করেন। ধর্মীয় শিক্ষা, গীতার বাণী ও নৈতিক মূল্যবোধ শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে তিনি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।তাঁর কাছ থেকে গীতা শিক্ষা নেওয়া শিক্ষার্থী ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা তাঁকে একজন শ্রদ্ধাভাজন, স্নেহশীল ও ধর্মপ্রাণ মানুষ হিসেবে স্মরণ করছেন। তাঁর মৃত্যুতে দুর্গাবাড়ী ও আশপাশের এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।
এদিকে বীর মুক্তিযোদ্ধা সুলেখা রানী সাহার প্রতি রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. নাজমুল হাসান উপস্থিত থেকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন। এ সময় উপস্থিত সবাই তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের প্রতি তাঁর অবদান এবং গীতা শিক্ষিকা হিসেবে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তারে তাঁর ভূমিকা স্থানীয় সনাতন সমাজে স্মরণীয় হয়ে থাকবে।সুলেখা রানী সাহার পরলোকগমনে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ, গীতা শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা তাঁর বিদেহী আত্মার সদ্গতি ও শান্তি কামনা করেছেন।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news