প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো গণেশ পূজায় উৎসবমুখর আলেকজান্ডার
নয়ন চন্দ্র শীল (নোয়াখালী প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী গণেশ পূজা ও গণেশ চতুর্থী উৎসব। গণেশ পূজা উদযাপন পরিষদ, আলেকজান্ডার-এর উদ্যোগে আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এ আয়োজন করা হয়েছে।আয়োজকদের তথ্য অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় মঙ্গল ঘট স্থাপন ও গঙ্গা আহ্বানের মধ্য দিয়ে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা। একই দিন রাত ৮টায় অনুষ্ঠিত হবে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করবে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড টিম বৃষ্টি।পরদিন ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার আলেকজান্ডার বাজারের পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত শ্রী শ্রী মহাপ্রভু সেবাশ্রমে অনুষ্ঠিত হবে শ্রী শ্রী গণেশ পূজা।হিন্দু ধর্মীয় বিশ্বাসে ভগবান শ্রী গণেশ সিদ্ধিদাতা ও বিঘ্নহর্তা হিসেবে পূজিত। জ্ঞান, প্রজ্ঞা ও শুভকার্যের দেবতা হিসেবে তাঁর আরাধনার প্রচলন রয়েছে। যেকোনো শুভকাজের সূচনায় গণেশের পূজার মাধ্যমে সাফল্য ও বিঘ্নমুক্তির প্রার্থনা করা হয়। সেই ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করেই আলেকজান্ডারে প্রথমবারের মতো এ পূজার আয়োজন করা হয়েছে।
প্রথমবারের এ আয়োজনকে ঘিরে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, উৎসবের প্রতিমা নির্মাণ করছেন ভোলার প্রতিমাশিল্পী প্রদীপ পাল। আলোকসজ্জার দায়িত্বে রয়েছে লক্ষ্মীপুরের ত্রিনয়নী ইভেন্ট ম্যানেজমেন্ট এবং শব্দ ব্যবস্থাপনায় রয়েছে ফেনীর স্মোক অডিও। আয়োজনের ভাবনায় রয়েছেন ‘স্বর্গদ্বারে গৌরিসূত’ এবং সৃজনে রয়েছেন তুষার চৌধুরী।আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি সনাতন ধর্মের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে এ আয়োজন সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। উৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সপরিবারে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news