প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
মীরসরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে সর্বজনীন শ্রীশ্রী গণেশ পূজা, আগামীকাল প্রতিমা বিসর্জন
||
চট্টগ্রামের মীরসরাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য, পূজা-অর্চনা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে সর্বজনীন শ্রীশ্রী গণেশ পূজা। শ্রীশ্রী গণেশ পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে তিন দিনব্যাপী এ ধর্মীয় উৎসবে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে।গত রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঘট স্থাপন, শ্রীশ্রী গণেশদেবের আহ্বান ও শুভ অধিবাসের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয় ধর্মীয় সাংস্কৃতিক সন্ধ্যা। এতে স্থানীয় সনাতনী ক্ষুদে কণ্ঠশিল্পী ও নৃত্যশিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। রাত ৯টায় সত্যনারায়ণ পূজা এবং পূজার প্রসাদ বিতরণের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শেষ হয়।দ্বিতীয় দিন সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় গণপতি বন্দনা ও পূজা শুরুর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৮টায় ভক্তরা শ্রীশ্রী গণেশদেবের শ্রীচরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। সকাল সাড়ে ১০টায় সব বয়সী ভক্তের অংশগ্রহণে মাতৃ ও পিতৃপূজা অনুষ্ঠিত হয়। এ আয়োজনের মাধ্যমে মা-বাবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের ধর্মীয় তাৎপর্য তুলে ধরা হয়।সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ। ধর্মীয় আলোচনা ও আচার-অনুষ্ঠানে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পূজামণ্ডপে এক ভক্তিময় পরিবেশ সৃষ্টি হয়। পরে দুপুর ১টায় উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বিপুলসংখ্যক ভক্ত সারিবদ্ধভাবে মহাপ্রসাদ গ্রহণ করেন।সন্ধ্যা ৭টায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালন এবং রাত ৮টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শঙ্খধ্বনি, উলুধ্বনি, ভক্তিমূলক সংগীত ও ধর্মীয় পরিবেশনায় পুরো পূজামণ্ডপ উৎসবমুখর হয়ে ওঠে। নারী, পুরুষ, শিশু-কিশোর ও প্রবীণসহ বিভিন্ন বয়সের ভক্তদের উল্লেখযোগ্য উপস্থিতি আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলে।পূজা উপলক্ষে শ্রীশ্রী গণেশদেবের কাছে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সব মানুষের কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। পূজামণ্ডপের বর্ণিল সাজসজ্জা, প্রতিমা, আলোকসজ্জা এবং ধর্মীয় আয়োজন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
আয়োজকেরা জানান, সিদ্ধিদাতা শ্রীশ্রী গণেশের আশীর্বাদ কামনা এবং জগতের মঙ্গল ও শান্তির উদ্দেশ্যে প্রতিবছরের মতো এবারও এ পূজার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আয়োজক পরিষদের সদস্য ও স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন।আগামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় শোভাযাত্রাসহ প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়েছে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের সর্বজনীন শ্রীশ্রী গণেশ পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। বিসর্জন কার্যক্রমে ভক্তদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে আয়োজক পরিষদ।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news