প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি সংকটে দুর্গোৎসবে সীমিত আলোকসজ্জার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
জাতীয় নিউজ ডেস্ক ||
চলমান বৈশ্বিক অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ওপর তৈরি হওয়া চরম চাপ মোকাবিলায় সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গোৎসবে আলোকসজ্জা সীমিত রাখার উদাত্ত আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার দুপুরে যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসন আয়োজিত দুর্গোৎসবের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নির্দেশাত্মক ও অনুরোধমূলক এ মতামত ব্যক্ত করেন। আন্তর্জাতিক বাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম এবং সংকটপূর্ণ বৈশ্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, এ কঠিন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা সরকারের প্রধান লক্ষ্য। উৎসবের আনন্দ যেন নিরাপত্তার ঝুঁকিতে না পড়ে এবং জাতীয় স্বার্থ যেন ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সচেতন ও শিক্ষিত নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। (News copied from- 'হিন্দুস নিউজ') একইসাথে তিনি পুরো এলাকা বা দীর্ঘ পথজুড়ে আলোকসজ্জা না করে কেবল মণ্ডপ ও প্রতিমাকেন্দ্রিক সীমিত আলো ব্যবহারের পরামর্শ দেন। প্রবাসী শ্রমিক ও পোশাকশিল্পের কর্মীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রায় আমদানি করা জ্বালানি ও বিদ্যুতের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি ব্যক্তি সামর্থ্যের চেয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। উৎসবের আনন্দময় আবহ ধরে রাখার পাশাপাশি প্রতিমা ও দর্শনার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয় এবং আগামী ১ অক্টোবর থেকে মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনে তল্লাশি জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।জেলা প্রশাসক মো. আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় যশোরের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও পূজা আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন এবং সাধারণ সম্পাদক তপন ঘোষসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং ধর্মীয় ও সামাজিক প্রতিনিধিরা অংশ নেন। সনাতনীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ বছর যশোরে পূজামণ্ডপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে সভায় জানানো হয়। গত বছরের ৭০৯টি মণ্ডপের তুলনায় এবার ৭৩৭টি স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে, যা সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় আস্থা ও উদযাপনের পরিধি বৃদ্ধির চিত্র তুলে ধরে। সব জাতির মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে একটি উৎসবমুখর ও আলোকোজ্জ্বল দুর্গোৎসব সম্পন্নে স্থানীয় প্রশাসন ও ধর্মীয় নেতৃবৃন্দ একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news