প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর জীবন বাঁচাতে কিডনি দান করছেন শিক্ষিকা মন্দিরা রানী পাল
নিজস্ব প্রতিবেদক ||
দাম্পত্য প্রেম ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের প্রধান শিক্ষিকা মন্দিরা রানী পাল। দীর্ঘদিন ধরে কঠিন কিডনি ব্যাধিতে আক্রান্ত স্বামী গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক সুদাম পালের জীবন বাঁচাতে তিনি নিজের একটি কিডনি দান করার সিদ্ধান্ত নিয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৩ সালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করা সুদাম পাল ২০০৪ সালে পটুয়াখালীর গলাচিপার বাসিন্দা মন্দিরা রানী পালের সাথে সনাতনী পারিবারিক ও ধর্মীয় রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মন্দিরা রানী পাল বর্তমানে গৌরনদীর কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করছেন। এই ধার্মিক ও আদর্শ দম্পতির সংসারে রয়েছে এক ছেলে হৃদম পাল এবং এক মেয়ে রাই পাল। ২০১৯ সালে প্রথম সুদাম পালের কিডনি জটিলতা ধরা পড়ার পর দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে দীর্ঘ চিকিৎসা চললেও কোনো সুস্থতার পথ মেলেনি। সম্প্রতি দিল্লির ‘ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতাল’-এর চিকিৎসকেরা তাকে অতি দ্রুত কিডনি সংযোজনের পরামর্শ দেন। দীর্ঘদিন চেষ্টা চালিয়েও উপযুক্ত কোনো ডোনার না পাওয়ায় অর্ধাঙ্গিনী হিসেবে স্বামীর প্রাণ রক্ষায় নিজের অঙ্গপ্রত্যঙ্গ বিলিয়ে দেওয়ার এই মহান সিদ্ধান্ত নেন মন্দিরা রানী পাল। সনাতন ধর্মে সহধর্মিণীকে পতিব্রতা ও বিপদের কান্ডারী হিসেবে যে স্থান দেওয়া হয়েছে, তা যেন বাস্তবে রূপ দিলেন এই নারী। (News copied from- 'হিন্দুস নিউজ') এরপর আদালত, আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যাবতীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সকল আনুষ্ঠানিকতা শেষে রবিবার সকাল ৮টায় সড়কপথে ভারতের দিল্লির উদ্দেশে দেশ ত্যাগ করেছেন এই শিক্ষক দম্পতি। আগামী ২৯ সেপ্টেম্বর বিকেলে দিল্লির হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া ও কিডনি প্রতিস্থাপন শুরু হওয়ার কথা রয়েছে। সহধর্মিণীর এই অতুলনীয় ভালোবাসা ও ত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর সর্বস্তরের মানুষ ও সনাতনী সমাজের পক্ষ থেকে প্রধান শিক্ষক মন্দিরা রানী পালের প্রতি গভীর শ্রদ্ধা ও প্রশংসা ব্যক্ত করা হচ্ছে। চিকিৎসাসংক্রান্ত এই জটিল যাত্রা সফল করতে এবং সুদাম পালের দ্রুত আরোগ্য লাভে সর্বস্তরের দেশবাসী ও সনাতন ধর্মাবলম্বীদের কাছে আশীর্বাদ ও প্রার্থনা চেয়েছেন এই দম্পতি।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news