প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
৫ লাখ টাকা চাঁদার দাবিতে সনাতনী প্রবাসীর বাড়ীতে বোমাবাজি-হামলা ও প্রাণনাশের হুমকি
সাগর পাল , রাজবাড়ী জেলা প্রতিনিধি ||
রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের মৌরাট গ্রামের ঋষিপাড়ায় এক সনাতন ধর্মাবলম্বী প্রবাসীর বাড়িতে চাঁদার দাবিতে মধ্যরাতে হামলা, ব্যাপক ভাঙচুর ও বোমাবাজির গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবীন ও অসহায় সুশীল ঋষির বসতবাড়িতে সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় বাড়িতে অবস্থানরত নারী ও শিশুদের ভয়ভীতি দেখিয়ে দুর্বৃত্তরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান বিদেশি লাইট লুট করে নিয়ে যায়। আকস্মিক বিকট শব্দে বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় পুরো ঋষিপাড়ার নিরিহ সনাতনী পরিবারের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়।ভুক্তভোগী সুশীল ঋষি জানান, এর আগে প্রায় ১৫ দিন আগেও একইভাবে তার বাড়িতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা দুই লাখ টাকা চাঁদা দাবি করেছিল। চাঁদার টাকা না দেওয়ায় আবারও তারা ক্ষিপ্ত হয়ে এই নৃশংস হামলা ও লুটপাট চালায়। সুশীল ঋষির অভিযোগ, একই গ্রামের খিরোদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত ও সামাজিক বিরোধ চলে আসছে এবং তার প্রত্যক্ষ ইন্ধনেই বারবার তাদের বাড়িতে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে। (News copied from- 'হিন্দুস নিউজ') প্রবাসীর মেয়ে অর্পণা ঋষি কান্নাজড়িত কণ্ঠে জানান, প্রবাসে থাকা তার দুই ভাইকে ফোন করে দুর্বৃত্তরা পাঁচ লাখ টাকা চাঁদা চেয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে তাদের বৃদ্ধ বাবাকে প্রাণনাশের প্রকাশ্য হুমকি দেওয়া হয়েছে।ঘটনার খবর পেয়ে রাতেই পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে ঘটনার বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মইনূল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, কিন্তু প্রাথমিক তদন্তে ডাকাতির ঘটনা ঘটেনি বলে মনে হচ্ছে। তিনি বিষয়টিকে জমি-সংক্রান্ত বিরোধ হিসেবে দেখছেন এবং ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, পুলিশের এই ধরনের শিথিল ভূমিকায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ। বারবার প্রান্তিক ও সংখ্যালঘু পরিবারের ওপর এমন হামলায় এলাকায় গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। মানবাধিকারকর্মী ও স্থানীয় বাসিন্দারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news