প্রিন্ট এর তারিখ : ০২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
রসিক রায় জিউ মন্দিরে জমি ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক ||
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে যখন চারদিকে আনন্দের আবহ তৈরি হওয়ার কথা, ঠিক তখনই ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শিকদার হাট এলাকার ঐতিহাসিক শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দিরের জমি দখলকে কেন্দ্র করে এক অপ্রীতিকর সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে মন্দিরের মালিকানা ও কর্তৃত্ব বিস্তার নিয়ে স্থানীয় সনাতনী ধর্মাবলম্বী ও ইসকন অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী এই সংঘর্ষে কমপক্ষে ৬ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে নিতেন্দ্র নাথ বর্মন, জীতেন্দ্র নাথ বর্মন, চাম্পা রানী, দৈত্য নাথ বাবু, পায়েল প্রভূ ও নূপুরসহ আরও কয়েকজন রয়েছেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। বর্তমানে এলাকাটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও পুলিশের কঠোর পদক্ষেপে আপাতত শান্ত রয়েছে।আউলিয়াপুরের এই শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দিরের জমি এবং দুর্গাপূজা আয়োজনকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও ইসকন সমর্থকদের মধ্যকার বিরোধ ও উত্তেজনার ইতিহাস নতুন নয়। (News copied from- 'হিন্দুস নিউজ') এর আগেও ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর এই দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘাতের চরম পরিণতিতে স্থানীয় প্রশাসন আইন-শৃঙ্খলা রক্ষার্থে মন্দির প্রাঙ্গণে টানা ১৬ বছর ১৪৪ ধারা জারি রাখতে বাধ্য হয় এবং উক্ত দীর্ঘ সময় সেখানে সমস্ত প্রকার পূজা অর্চনা পুরোপুরি বন্ধ ছিল। দীর্ঘ ১৬ বছরের বিবাদ কাটিয়ে গত বছর জেলা প্রশাসন, স্থানীয় প্রতিনিধি ও উভয় পক্ষের সমঝোতায় ঐতিহাসিক এই মন্দিরে পুনরায় সাড়ম্বরে দুর্গাপূজা আয়োজনের অনুমতি দেওয়া হয়, যা স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এক পরম স্বস্তি ও উৎসবের মেজাজ ফিরিয়ে এনেছিল। কিন্তু রক্তক্ষয়ী অতীত পার করে এক বছর যেতে না যেতেই ফের একই জমি দখলকে কেন্দ্র করে পুনরায় এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ সনাতনী ভক্তবৃন্দের মনে চরম আতঙ্ক ও গভীর অনিশ্চয়তার মেঘ সৃষ্টি করেছে। সনাতনীদের মৌলিক অধিকার ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালনের নিরাপত্তা রক্ষায় প্রশাসন ইতোমধ্যে তৎপর হয়েছে এবং ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী জানিয়েছেন যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে ও উভয় পক্ষের মধ্যকার এই নতুন বিরোধ নিরসনে জেলা প্রশাসকের সভাকক্ষে জরুরি সমঝোতা বৈঠকের আয়োজন করা হয়েছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news