প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
৫০০ টাকায় কার্ডবোর্ডের দুর্গাপ্রতিমা বানাল ১৫ বছরের বিক্রম
নিজস্ব প্রতিবেদক ||
টিফিনের টাকা বাঁচিয়ে দুর্গাপূজার প্রাক্কালে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল নবম শ্রেণির এক সনাতনী কিশোর। নিজের টিফিনের সামান্য পয়সা সঞ্চয় করে কাগজ ও কার্ডবোর্ড ব্যবহার করে এক দৃষ্টিনন্দন দুর্গাপ্রতিমা গড়ে তুলেছে মালদার গাজোলের ১৫ বছর বয়সী বিক্রম সরকার। প্রায় এক মাসের নিরলস প্রচেষ্টায় তৈরি আড়াই ফুট চওড়া ও দেড় ফুট উচ্চতার এই একচালা প্রতিমায় এখন চলছে শেষ মুহূর্তের অলংকরণ ও দেবদেবীর বাহন তৈরির কাজ। নিজের হাতখরচের জমানো প্রায় ৫০০ টাকা দিয়ে তৈরি এই প্রতিমা কেবল বিক্রমের শিল্পদক্ষতার প্রমাণ নয়, বরং ঈশ্বরভক্তি ও সনাতনী ধর্মীয় ঐতিহ্যের প্রতি নবপ্রজন্মের গভীর অনুরাগের এক উজ্জ্বল নিদর্শন।অভাবের সংসারে বিক্রমের বাবা বিকাশ সরকার পেশায় একজন মিলের ঠিকা শ্রমিক এবং মা গৌরী দাস সরকার গৃহবধূ। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় টিফিনের জন্য পাওয়া মাত্র ১০ টাকার সামান্য অংশ বাঁচিয়ে নিজের এই শখ পূরণ করেছে বিক্রম। অযথা মোবাইলের স্ক্রিনে সময় নষ্ট না করে তার এই সৃজনশীল চিন্তাভাবনা ও কায়িক পরিশ্রম আজ এলাকার সনাতনী সমাজ ও প্রতিবেশীদের মুগ্ধ করেছে। শৈশব থেকেই দেবদেবীর প্রতিমা গড়ার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে বিক্রমের। সাত-আট বছর বয়স থেকেই সে কাগজ ও কার্ডবোর্ড দিয়ে রথ, জগন্নাথ, মনসা ও গোপালের বিগ্রহ তৈরি করে আসছে। (News copied from- 'হিন্দুস নিউজ') শাস্ত্রীয় জটিল মন্ত্র জানা না থাকলেও আসছে শারদোৎসবে ষষ্ঠীর বোধন থেকে সম্পূর্ণ নিষ্ঠা ও ভক্তিভরে নিজ গৃহেই মা দুর্গার আরাধনা করতে চায় এই খুদে ভক্ত। উৎসব শেষে বিসর্জন না দিয়ে প্রতিমাটি নিজের কাছেই স্মৃতি হিসেবে সংরক্ষণ করার ইচ্ছে তার, তবে অনুরাগী কেউ চাইলে তা হস্তান্তর করতেও আপত্তি নেই তার। স্থানীয় পুরোহিত আমন কুমার ঝা কিশোরের দেবভক্তি ও শিল্পশৈলীর ভূয়সী প্রশংসা করে আশীর্বাদ জানিয়েছেন। শৈল্পিক প্রতিভা থাকলেও বিক্রমের মূল লক্ষ্য ভবিষ্যতে একজন দায়িত্ববান পুলিশ অফিসার হয়ে সমাজ ও রাষ্ট্রের সেবা করা। টিফিনের টাকা বাঁচিয়ে প্রতিমা গড়ার এই কাহিনি প্রমাণ করে যে সদিচ্ছা ও ভক্তি থাকলে সাধারণ উপকরণ দিয়েই গড়ে তোলা যায় ভক্তির পরম অর্ঘ্য।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news