প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
দুর্গাপূজা ঘিরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক
সবুজ দত্ত, জেলা প্রতিনিধি ||
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠী বিষয়ক) বিজন কান্তি সরকারের সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ও মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। পাশাপাশি হরিজন ও বিভিন্ন নৃগোষ্ঠীসহ বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীরাও আলোচনায় অংশগ্রহণ করেন।মতবিনিময় সভায় শিক্ষার্থীরা শিক্ষার্থী-বান্ধব ও নিরাপদ ক্যাম্পাস গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় ভিন্ন হলেও শিক্ষার্থীদের নিরাপত্তা, অধিকার ও বৈষম্যহীন শিক্ষার পরিবেশ নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।আলোচনায় আসন্ন দুর্গাপূজার সময় বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত পরীক্ষার তারিখ পুনর্বিবেচনা ও প্রয়োজন অনুযায়ী পরিবর্তনের দাবি জানান শিক্ষার্থীরা। পূজার দিনগুলোতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচার ও উৎসবে অংশ নিতে পারেন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে একাডেমিক কার্যক্রম ও পরীক্ষার সময়সূচি নির্ধারণের আহ্বান জানানো হয়।একই সঙ্গে দুর্গাপূজার সময় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় উঠে আসে। পূজামণ্ডপ ও শিক্ষার্থীদের যাতায়াতসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন অংশগ্রহণকারীরা।সভায় চাকরির ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের প্রতি বৈষম্যের অভিযোগ নিয়েও আলোচনা হয়। শিক্ষার্থীরা নিয়োগ ও কর্মক্ষেত্রে ধর্মীয় বা সম্প্রদায়গত পরিচয়ের কারণে কেউ যেন বৈষম্যের শিকার না হন, সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠলে যথাযথ তদন্ত ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত না করে বহিষ্কার বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করার দাবি জানানো হয়। মিথ্যা অভিযোগ, হয়রানি ও মব পরিস্থিতি থেকে সংখ্যালঘু শিক্ষার্থীদের সুরক্ষায় দেশের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর ‘অভিযোগ সেল’ গঠনের প্রস্তাবও তুলে ধরেন শিক্ষার্থীরা।আলোচনায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বক্তব্যে উঠে আসে—ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়; জাতীয় বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক কিংবা মেডিকেল—প্রতিষ্ঠান আলাদা হলেও নিরাপদ, বৈষম্যহীন ও শিক্ষার্থী-বান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থী সমাজের অবস্থান অভিন্ন।বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, হরিজন ও নৃগোষ্ঠীসহ বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষা কার্যক্রম এবং বৈষম্য নিরসনের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news