প্রিন্ট এর তারিখ : ০৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম ও পরিচয় যেন না হয় বাধা, সম-অধিকারের নতুন প্রত্যয় প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক ||
নাগরিকের ধর্ম, বর্ণ কিংবা জাতিগত পরিচয় যেন কোনো অবস্থাতেই অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়—এমন একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের শীর্ষ প্রতিনিধি দলের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রতিটি নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।শারদীয় দুর্গাপূজা ও বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চীবর দান উপলক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের নানা দীর্ঘদিনের সমস্যা, অধিকার ও দাবি-দাওয়া সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগ সহকারে প্রতিনিধি দলের কথা শোনেন এবং জানান যে, কোনো ধরনের বৈষম্য না রেখে প্রতিটি সম্প্রদায়ের কল্যাণে সরকার সর্বাত্মক উদ্যোগ নিচ্ছে। তিনি বলেন, নাগরিকদের যৌক্তিক দাবি ও সমস্যাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং সরকারের সাধ্যের সবটুকু দিয়ে তা সমাধানের চেষ্টা থাকবে।মতবিনিময়কালে অসাম্প্রদায়িক চেতনা জোরদারকরণ এবং সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় অধিকার রক্ষায় সরকারের আন্তরিকতার প্রতি সন্তোষ প্রকাশ করা হয়। (News copied from- 'হিন্দুস নিউজ') শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি বৃদ্ধি করায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাঁরা মন্তব্য করেন, এই ইতিবাচক সিদ্ধান্তের ফলে উৎসবের আনন্দ দেশজুড়ে আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। একই সাথে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে দেশের বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শনের উদাত্ত আহ্বান জানান।অনুষ্ঠানের শেষভাগে ধর্মীয় উৎসব উদযাপনের সুবিধার্থে হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের হাতে বিশেষ অনুদানের অর্থ বরাদ্দ তুলে দেন প্রধানমন্ত্রী। ট্রাস্টের পক্ষ থেকে প্রাথমিক আবেদন করা হলেও সনাতনী ধর্মাবলম্বীদের সার্বিক কল্যাণ বিবেচনা করে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে চাওয়া অনুদানের চেয়ে বাড়িয়ে ৫ কোটি টাকা এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকার বিশেষ বরাদ্দের চেক হস্তান্তর করা হয়। এই বরাদ্দের অর্থ জেলা প্রশাসন ও সরাসরি ব্যাংক হিসাবের মাধ্যমে উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়া হবে। সভায় বিএনপির উচ্চপর্যায়ের নেতা, সংসদ সদস্য এবং হিন্দু-বৌদ্ধ সম্প্রদায়ের প্রবীণ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news