প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে দ্বিতীয়বারের মতো দুর্গোৎসব
নিজস্ব প্রতিবেদক ||
আমেরিকার হৃদপিণ্ড হিসেবে পরিচিত নিউ ইয়র্কের কর্মমুখর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টাইমস স্কোয়ারে দ্বিতীয়বারের মতো জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। বিশ্বমঞ্চে সনাতনী ঐতিহ্য ও হাজার বছরের প্রবহমান বাঙালি সংস্কৃতিকে তুলে ধরতে আগামী ১০ ও ১১ অক্টোবর ফাদার ডাফি স্কোয়ারে দুই দিনব্যাপী এ বিশাল দুর্গোৎসবের আয়োজন করেছে 'টাইমস স্কোয়ার দুর্গোৎসব অ্যাসোসিয়েশন'। ব্রডওয়ে ও সেভেনথ অ্যাভিনিউ সংলগ্ন ৪৬তম ও ৪৭তম স্ট্রিটের মধ্যবর্তী এই ঐতিহাসিক স্থানে সকাল থেকে রাত পর্যন্ত চলবে ধর্মীয় রীতিনীতি, পূজা-অর্চনা এবং মনমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। প্রবাসে বসবাসকারী বাঙালি হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষের মধ্যেও এই আয়োজন ঘিরে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা গেছে, যা ধর্মীয় সম্প্রীতি ও সর্বজনীন মানবাধিকারের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে।উৎসবের প্রথম দিন অর্থাৎ ১০ অক্টোবর সকালে শাস্ত্রীয় বিধি মোতাবেক ষষ্ঠী পূজার মাধ্যমে মূল ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর দিনব্যাপী পর্যায়ক্রমে পুষ্পাঞ্জলি, সপ্তমী ও অষ্টমী পূজা উদযাপিত হবে। অপরাহ্ণে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের পর সন্ধ্যায় শুরু হবে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ ও ভারতের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে নৃত্য, ডান্ডিয়া, ধর্মীয় সংগীত ও সংগীতালেক্ষ্য পরিবেশন করা হবে। বিশেষ করে এই মহতি মাহেন্দ্রক্ষণে ১০ অক্টোবর মহালয়া পড়ায় দিনটির আধ্যাত্মিক ও ধর্মীয় তাৎপর্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। প্রবাসী শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে গীতা পাঠের বিশেষ আয়োজন রাখা হয়েছে। পাশাপাশি বিশ্বজুড়ে নিপীড়িত ও ধর্মান্তরিত সনাতনীদের আত্মরক্ষা ও সার্বিক অধিকার রক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার এক সুন্দর সুযোগ তৈরি হয়েছে এই বৈশ্বিক মিলনমেলায়।উৎসবে দ্বিতীয় দিন ১১ অক্টোবর নবমী ও দশমী পূজার অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে উৎসবের চূড়ান্ত পর্ব সূচিত হবে। বিকেলে সনাতনী নারীদের চিরাচরিত সিঁদুরখেলা এবং ঐতিহ্যবাহী ধুনুচি নাচে মেতে উঠবেন পুণ্যার্থীরা। টাইমস স্কোয়ারের মতো এমন ব্যস্ততম পর্যটনকেন্দ্রে যেখানে প্রতিদিন বিশ্বজুড়ে লক্ষাধিক মানুষের পদচারণা ঘটে, সেখানে বিশ্বমঞ্চে সনাতনী অধিকার, সংস্কৃতি ও ধর্মীয় স্বাধীনতার এই দৃশ্যমান উপস্থিতি অত্যন্ত গর্বের। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে নিজস্ব ধর্মীয় কৃষ্টি ও শেকড়ের সান্নিধ্যে আনার পাশাপাশি সকল জাতির ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকারের কথা স্মরণ করিয়ে দেয় এই উৎসব। (News copied from- 'হিন্দুস নিউজ') প্রবাসী বাঙালিদের এক মহামিলনমেলায় রূপ নেওয়া এই আয়োজনে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, প্রচারপত্র ও ওয়েবসাইটের সূচিতে সামান্য পার্থক্য থাকায় দর্শনার্থীদের হালনাগাদ সময়সূচি দেখেই অনুষ্ঠানে অংশ নিতে অনুরোধ জানানো হচ্ছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news