প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবার একটাই পরিচয়—আমরা বাংলাদেশি’-মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক ||
শারদীয় দুর্গাপূজার শুভ ক্ষণগণনা ও আনুষ্ঠানিক সূচনার মধ্য দিয়ে উদযাপিত হলো মহালয়া। সনাতন ধর্মাবলম্বীদের এই অন্যতম ধর্মীয় উৎসব উপলক্ষে রাজধানীর বনানী মাঠে গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত ‘মহালয়া ১৪৩৩’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, স্বাধীনতা ও সম্মান নিশ্চিত করার বিষয়ে সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
শনিবার সকালে অনুষ্ঠানস্থলে পৌঁছালে অয়োজক কমিটির পক্ষ থেকে তাঁকে ফুল ও উত্তরীয় দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরবর্তীতে এক মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। দেশের সব সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ড. মাহদী আমিন বলেন, মহালয়া অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক এবং অন্ধকার পেছনে ফেলে নতুন আশার আলো ছড়ানোর বার্তা দেয়। তিনি উল্লেখ করেন, রাষ্ট্র, সমাজ ও সরকারের পক্ষ থেকে প্রতিটি নাগরিক যেন সমান সুরক্ষা, সমান মর্যাদা ও বিচারিক ন্যায়সংগত অধিকার পান, তা নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
ধর্ম-বর্ণ কিংবা আদর্শিক ভিন্নতাকে পেছনে ফেলে সব নাগরিকের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট করেন যে, ভবিষ্যতে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর কৃত্রিম বিভাজন দূর করে প্রত্যেকের মূল পরিচয় হবে ‘বাংলাদেশি’। ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে যেন কোনো ধরনের বৈষম্য বা নিপীড়নের শিকার হতে না হয়, সেরকম একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক রাষ্ট্র পুনর্গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
(News copied from- 'হিন্দুস নিউজ')
সনাতনী সম্প্রদায়ের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও সার্বিক কল্যাণের কথা মাথায় রেখে এবার প্রতিটি পূজামণ্ডপে সরকারি আর্থিক অনুদান বৃদ্ধি করার পাশাপাশি দুর্গোৎসবের ছুটি বাড়ানো হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর মুখপাত্র। তিনি বলেন, উৎসবের এই আনন্দ যেন দেশের প্রতিটি সনাতনী পরিবারের হৃদয়ে পৌঁছে যায়, সেটাই সরকারের প্রত্যাশা। জনগণের স্বার্থ, সার্বভৌমত্ব এবং নাগরিক অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
উদ্বোধনী এই অনুষ্ঠানে অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার পবন কুমার বাধে, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন কান্তি মজুমদার এবং গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি অলোক সাহা ও সাধারণ সম্পাদক বিনয় গোপাল রায়সহ সনাতন সমাজের বিশিষ্টজনেরা।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news