প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
খাগড়াছড়িতে প্রথমবারের মতো গর্ভধারিণী মাতৃপূজা অনুষ্ঠিত, মায়ের চরণে সন্তানদের শ্রদ্ধা নিবেদন
অপু চন্দ্র দে , খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ||
শারদীয় দুর্গোৎসবের সূচনালগ্নে পবিত্র মহালয়া উপলক্ষে খাগড়াছড়িতে প্রথমবারের মতো ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গর্ভধারিণী মাতৃপূজা। মায়ের প্রতি সন্তানের অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের এই ধর্মীয় অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সন্তানদের হাতে নিজ গর্ভধারিণী মায়ের চরণ পূজার মধ্য দিয়ে ফুটে ওঠে সনাতন ধর্মের চিরন্তন মাতৃবন্দনার ঐতিহ্য।শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় খাগড়াছড়ি সদরের শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে এই ব্যতিক্রমী পূজার আয়োজন করে মহালয়া উদযাপন কমিটি-২০২৬ ও সনাতন ছাত্র-যুব পরিষদ কেন্দ্রীয় কমিটি, খাগড়াছড়ি।‘মাতৃ দেবো ভবঃ—মায়ের চরণেই সন্তানের প্রথম তীর্থ’ এই মহান আদর্শকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সন্তানরা নিজ নিজ গর্ভধারিণী মায়ের চরণে প্রণাম, শ্রদ্ধা ও পূজা নিবেদন করেন। মায়ের প্রতি সন্তানের গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতার এই অনন্য প্রকাশ উপস্থিত ভক্তদের মধ্যে বিশেষ আবেগের সৃষ্টি করে।পূজার আনুষ্ঠানিকতায় সন্তানরা মায়ের চরণে আলতা, সিঁদুর, গামছা, চন্দন, ধূপ, প্রদীপ, ঘি, মধু, ফুল, দুধ, দই, কর্পূর, দুর্বা, তুলসী, বিল্বপত্র, মিষ্টি ও বিভিন্ন ফলমূলসহ নানা পূজার উপকরণ নিবেদন করেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁরা মায়ের আশীর্বাদ গ্রহণ করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে মাতৃসেবার গুরুত্ব তুলে ধরেন।অনুষ্ঠানে অংশগ্রহণকারী অনেক সন্তান নিজ নিজ মায়ের জন্য নতুন শাড়ি নিয়ে আসেন। পূজা শেষে মায়ের চরণে প্রণাম করে আশীর্বাদ গ্রহণের দৃশ্য উপস্থিত সবার হৃদয় স্পর্শ করে। মায়ের প্রতি সন্তানের শ্রদ্ধা এবং সন্তানের প্রতি মায়ের স্নেহের এই অপূর্ব মিলন মন্দির প্রাঙ্গণকে এক আবেগঘন পরিবেশে পরিণত করে।আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, খাগড়াছড়ি জেলায় এ ধরনের গর্ভধারিণী মাতৃপূজার আয়োজন এবারই প্রথম। মহালয়ার পবিত্র দিনে এমন একটি ব্যতিক্রমী ধর্মীয় ও সামাজিক উদ্যোগ গ্রহণের মূল উদ্দেশ্য হলো নতুন প্রজন্মের মধ্যে মাতৃভক্তি, পারিবারিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং পিতা-মাতার প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করা।আয়োজকরা জানান, সনাতন ধর্মীয় দর্শনে মায়ের স্থান সর্বোচ্চ সম্মানের। একজন সন্তানের জীবনে মায়ের ত্যাগ, ভালোবাসা ও অবদানের কোনো তুলনা হয় না। সেই উপলব্ধি থেকেই গর্ভধারিণী মাকে জীবন্ত দেবীর মর্যাদায় শ্রদ্ধা নিবেদনের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, ভক্ত ও সন্তানরা অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতিতে পুরো মন্দির প্রাঙ্গণ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, শুধু ধর্মীয় আচার পালনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে সমাজে মানবিক মূল্যবোধ, পারিবারিক বন্ধন এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠায় কাজ করে যেতে চান তাঁরা। শিক্ষা, সম্প্রীতি ও প্রগতির বার্তা নিয়ে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।খাগড়াছড়িতে প্রথমবারের মতো আয়োজিত এই গর্ভধারিণী মাতৃপূজা মহালয়ার ধর্মীয় আয়োজনকে দিয়েছে এক ভিন্নমাত্রা। মায়ের চরণে সন্তানের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এক অনন্য বার্তা—মা শুধু জন্মদাত্রী নন, সন্তানের জীবনে তিনিই প্রথম শিক্ষক, প্রথম আশ্রয় এবং প্রথম পূজনীয় ব্যক্তিত্ব।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news