প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
হিন্দু ব্যবসায়ীকে হানি ট্র্যাপে ফাঁসিয়ে নির্যাতন, ছাত্রদল নেতা বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক ||
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক হিন্দু ব্যবসায়ীকে হানি ট্র্যাপে ফাঁসিয়ে মারধর, নগ্ন ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে এক ছাত্রদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ভাণ্ডারিয়া বাজারের রিজার্ভ পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছাত্রদল নেতা সজীব চাপরাশিকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।গ্রেপ্তার অন্য দুজন হলেন মোস্তাফিজুর রহমান রনি (৩৫) ও এক নারী। সজীব চাপরাশি (২৫) ভাণ্ডারিয়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে পিরোজপুর জেলা ছাত্রদল।পুলিশ সূত্রে জানা গেছে, ভাণ্ডারিয়া বাজার-সংলগ্ন রিজার্ভ পুকুরপাড় এলাকায় হিন্দু ব্যবসায়ী মানবেন্দ্র রায় মুন্নাকে (৩৪) কৌশলে ফাঁদে ফেলার অভিযোগ উঠেছে। পরে তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ করা হয়। সেই ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সজীব চাপরাশিকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায় পিরোজপুর জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসান জানান, সজীবকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার বলেন, স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করে সজীবের বিরুদ্ধে বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া গেছে। সার্বিক বিষয় বিবেচনায় সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news