প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
মায়ের সমাধির পাশের খালে ডুবে প্রাণ গেল তিন বছরের শিশু অরূপের
নিজস্ব প্রতিবেদক ||
দুই মাস আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন মা। বাড়ির পাশের খালের পাড়ে মায়ের সমাধি। সেই সমাধির কাছে গিয়ে সবার অগোচরে খালের পানিতে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তিন বছর বয়সী শিশু অরূপ হালদারের।শনিবার (১০ অক্টোবর) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নের গণকপাড়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের হালদার বাড়িতে এ ঘটনা ঘটে। মায়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা অরবিন্দু হালদার। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় সূত্রে জানা যায়, দৈহারী গ্রামের হালদার বাড়ির বাসিন্দা অরবিন্দু হালদার পেশায় একজন ক্ষুদ্র চা দোকানি। তাঁর আট বছর বয়সী একটি মেয়ে ও তিন বছর বয়সী ছেলে অরূপ ছিল। প্রায় দুই মাস আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন তাঁর স্ত্রী রিতা হালদার। প্রথমে তাঁকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়া হয়। ধারদেনা করে স্ত্রীর চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি অরবিন্দু। পরে বাড়ির পাশের খালের পাড়ে স্ত্রীর সমাধি করেন তিনি। শনিবার দুপুরে অরবিন্দু সন্তানদের জন্য বাড়িতে রান্না করছিলেন। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে ঘর থেকে বেরিয়ে যায় শিশু অরূপ। একপর্যায়ে সে খালের পাড়ে মায়ের সমাধির কাছে গিয়ে পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন অরবিন্দু। একপর্যায়ে স্ত্রীর সমাধির কাছে গিয়ে শিশুটির জুতা দেখতে পান তিনি। পরে খালে জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। একপর্যায়ে পানির ভেতর থেকে অরূপের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।স্থানীয় ইউপি সদস্য প্রবীর মণ্ডল বলেন, ‘শুনেছি, ঘটনার দিন অরবিন্দু দোকান থেকে তাড়াতাড়ি বাড়িতে এসে ছেলে-মেয়ের জন্য রান্না করছিলেন। এ সময় তাঁর অগোচরে শিশু অরূপ বাইরে চলে যায়। পরে ছেলেকে খুঁজতে গিয়ে স্ত্রীর সমাধির কাছে শিশুটির জুতা দেখতে পান। এরপর খালে খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করা হয়।’নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘শুনেছি, শিশুটির মা দুই মাস আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার দুপুরের দিকে শিশুটি খালের পানিতে পড়ে মারা গেছে।’মায়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই ছোট্ট অরূপের এমন করুণ মৃত্যুতে শোকাহত স্বজন ও এলাকাবাসী। অবুঝ শিশুটির মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news