প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে দুইজন গ্রেপ্তার, উদ্ধার সকল মূর্তি
নিজস্ব প্রতিবেদক ||
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে চুরি হওয়া সব মালামাল উদ্ধার করেছে আখাউড়া থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তৎপরতায় ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে চুরি হওয়া মালামাল উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।জানা গেছে, আখাউড়া কেন্দ্রীয় রাধামাধব আখড়া মন্দির থেকে মূর্তি ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটে। এ ঘটনার পর আখাউড়া থানা পুলিশ দ্রুত অভিযান শুরু করে। টানা প্রায় ১৭ ঘণ্টার অভিযান ও সাঁড়াশি তৎপরতায় চুরি হওয়া সব মালামাল উদ্ধার করা হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আখাউড়া পৌরসভার শান্তিনগর গ্রামের লাল মিয়ার ছেলে মো. ঝারু মিয়া (৩০) এবং মালদার পাড়ার নজরুল ইসলাম মালদারের ছেলে মো. আকাশ মালদার (২৮)।এ ঘটনায় তাজুল ইসলাম (৬২) নামে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার আরও একজন জড়িত বলে জানা গেছে। তবে তিনি এখনো পলাতক রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।মন্দিরে চুরির ঘটনার পর দ্রুত অভিযান পরিচালনা করে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করায় আখাউড়া থানা পুলিশ ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা। ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশের তৎপরতাকে প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন তাঁরা।
মন্দিরের চুরির ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় আখাউড়া থানা পুলিশ ও প্রশাসনের প্রতি আবারও ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সনাতনী সম্প্রদায়ের সদস্যরা।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news