প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
হিন্দু মন্দিরে বন্দুক হামলার পরিকল্পনা, আমেরিকান তরুণ গ্রেপ্তার
||
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা এলাকায় একটি হিন্দু মন্দিরে বন্দুক হামলার (ম্যাস শুটিং) ষড়যন্ত্রের অভিযোগে আলেকজান্দ্রোস পাপোরাকিস নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্বেতাঙ্গ আধিপত্যবাদী দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী ওই তরুণের মূল লক্ষ্য ছিল ভারতীয় তথা দক্ষিণ এশীয় বংশোদ্ভূতরা।মাউন্ট প্রসপেক্ট পুলিশের কাছে আসা একটি সতর্কবার্তার সূত্র ধরে এই ঘটনার তদন্ত শুরু হয়। এক ব্যক্তি পুলিশকে জানান, পাপোরাকিস তাকে অস্ত্র ও বর্মের ছবিসহ একটি ইশতেহার পাঠিয়েছেন। ‘কেন আমি লড়েছিলাম: এ.কে.এ. (অরোরা শুটারের ইশতেহার)’ শিরোনামের ওই নথিতে চরমপন্থী বক্তব্য এবং দক্ষিণ এশীয়দের ওপর সহিংসতার বিস্তারিত রূপরেখা ছিল। তদন্তে পুলিশ নিশ্চিত হয়, গত ১১ অক্টোবর (রোববার) অরোরার একটি হিন্দু উপাসনালয়ে হামলার পরিকল্পনা করছিলেন তিনি। এরপর ওইদিনই প্যালাটাইন এলাকার নিজ বাসা থেকে বের হওয়ার সময় যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে প্যালাটাইন এবং মাউন্ট প্রসপেক্ট পুলিশ।গ্রেপ্তারের পর তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১৬ ইঞ্চির চেয়ে ছোট ব্যারেলযুক্ত একটি শর্ট-ব্যারেল রাইফেল, গুলিভর্তি একাধিক ম্যাগাজিন, শত শত রাউন্ড গুলি, কৌশলগত সরঞ্জাম এবং শ্বেতাঙ্গ আধিপত্যবাদের প্রতীক সংবলিত ব্যাজযুক্ত বডি আর্মার উদ্ধার করা হয়। পাপোরাকিসের বিরুদ্ধে সন্ত্রাসী হুমকি দেওয়া এবং বেআইনি অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।বুধবার কুক কাউন্টির আদালতে শুনানির পর বিচারক তাকে আটকে রাখার নির্দেশ দেন। আগামী ৩০ অক্টোবর তাকে ফের আদালতে হাজির করার কথা রয়েছে।হামলার সম্ভাব্য হুমকির বিষয়ে অরোরা পুলিশ বিভাগ তাদের আওতাভুক্ত হিন্দু উপাসনালয়গুলোকে আগেই সতর্ক করেছিল। বর্তমানে এফবিআইয়ের সঙ্গে যৌথভাবে মামলাটির তদন্ত করছে পুলিশ। এদিকে, শিকাগোতে নিযুক্ত ভারতের কনস্যুলেট জেনারেল এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে মার্কিন আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করেছে। তারা জানিয়েছে, প্রবাসীদের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news