প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
বৈদিক 'জলজ' থিমে এবার গুলশান-বনানীর পূজামণ্ডপ
নিজস্ব প্রতিবেদক ||
রাজধানীর বনানী কামাল আতাতুর্ক পার্কে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে গুলশান–বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত হয়েছে এক দৃষ্টিনন্দন ও ভাবগম্ভীর পূজামণ্ডপ। মহাষষ্ঠীতে দেবী বোধন ও ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সূচনা হতে যাওয়া এই শারদোৎসবের এবারের মূল থিম নির্ধারণ করা হয়েছে ‘জলজ: জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক বন্দনা’। বৈদিক দর্শন এবং আধুনিক বিজ্ঞানের মেলবন্ধনে পরমেশ্বরী মা দুর্গার মহাশক্তির আবাহন ঘটিয়ে জীবন, সৃষ্টি ও প্রকৃতির সঙ্গে জলের নিবিড় বৈশ্বিক ও আধ্যাত্মিক সম্পর্ককে মণ্ডপসজ্জায় অনন্য রূপ দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে সনাতনীদের স্বাধিকার, পরম পবিত্র সংস্কার ও সর্বজনীন মানবাধিকারের বাণী তুলে ধরে এই আয়োজন সর্বধর্ম ও সর্ববর্ণের মানুষের মিলনমেলায় পরিণত হচ্ছে।হাজার হাজার বছর আগে বৈদিক ঋষিরা জলকে সৃষ্টির আদি তত্ত্ব হিসেবে উপলব্ধি করেছিলেন এবং ঋগ্বেদের নাসদীয় সূক্তে আদিসৃষ্টির মূল উপাদান হিসেবে অসীম জলরাশির উল্লেখ রয়েছে। সনাতন ভাবনায় পঞ্চমহাভূতের অন্যতম ‘অপ’ বা জলই সমগ্র সৃষ্টির মধ্যে প্রানের সঞ্চার ঘটায়। গঙ্গাতীরে জীবনের শেষ অঞ্জলি থেকে শুরু করে ঘটস্থাপন, তর্পণ, হোম কিংবা আত্মশুদ্ধির মূল মাধ্যম এই জল, যা শ্রীশ্রীচণ্ডীতে বর্ণিত দেবী দুর্গার ‘তৃষ্ণারূপেণ সংস্থিতা’ রূপকেই স্মরণ করিয়ে দেয়। জলের বুক চিরে যেমন পদ্ম প্রস্ফুটিত হয়, তেমনি সর্বজীবের আকুতি থেকে দেবী দুর্গার আগমন ঘটে। (News copied from- 'হিন্দুস নিউজ') মণ্ডপসজ্জায় বাঁশ, বেত, প্রাকৃতিক তন্তু ও চটের মতো পরিবেশবান্ধব উপাদান ব্যবহার করে নির্মিত তরঙ্গময় কাঠামো, কৃত্রিম জলপ্রপাত, প্রতিফলন পুকুর ও আলোকনকশার মাধ্যমে এক পরম প্রশান্তিময় পরিবেশ গড়ে তোলা হয়েছে। স্থপতি অমিতি কুন্ডু এবং শিল্পী-গবেষক পার্থপ্রতিম সাহার সুনিপুণ পরিকল্পনা ও তত্ত্বাবধানে গড়ে ওঠা এই মণ্ডপটি পরিবেশ বিপর্যয়, নদী দূষণ ও প্রকৃতির সুরক্ষার এক মহাজাগতিক আহ্বান জানায়। প্রকৃতিকে রক্ষা করা ও জলকে সম্মান করার মাধ্যমে মানবজাতি এবং জীবনচক্রকে রক্ষা করার এই সর্বজনীন বার্তা নিয়ে গুলশান-বনানী মণ্ডপ প্রস্তুত করা হয়েছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news