প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
ফরিদপুরে পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ কলেজছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার
||
ফরিদপুরের কুমার নদ থেকে পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ হওয়া সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী কৌশিক সাহা জিতুর (২৩) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার দুই দিন পর মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর পৌরসভার ভাটিলক্ষ্মীপুর এলাকার মদনখালী স্লুইসগেট-সংলগ্ন নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।কৌশিক সাহা জিতু সরকারি রাজেন্দ্র কলেজের রসায়ন বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ফরিদপুরের গোয়ালচামট ওয়্যারলেস পাড়ায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৮ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে বিভিন্ন মন্দিরে দুর্গাপূজা দেখতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন জিতু। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। তাঁর ব্যক্তিগত কোনো মোবাইল ফোনও ছিল না। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে পরদিন ১৯ অক্টোবর তাঁর বাবা কমলেশ কুমার সাহা ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ১৩৮৮।নিখোঁজ জিতুর সন্ধানে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি অব্যাহত রাখেন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে নৌ-পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। মরদেহের পকেটে থাকা চাবির গোছা দিয়ে বাড়ির তালা খুলে পরিচয় নিশ্চিত করার তথ্যও জানা গেছে।উদ্ধারের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কৌশিক সাহা জিতুর মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news