প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
সাতকানিয়ায় ভুয়া পূজামণ্ডপ দেখিয়ে সরকারি অনুদান আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ
নিজস্ব প্রতিবেদক ||
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুর্গোৎসবের সরকারি অনুদান ও বরাদ্দ হাতিয়ে নেওয়ার এক চাঞ্চল্যকর অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার কাঞ্চনা ইউনিয়নে অস্তিত্বহীন বা ভুয়া পূজামণ্ডপ দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ও অনুদানের মতো পবিত্র বিষয় নিয়ে এমন দুর্নীতির কারণে স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সব নাগরিক ও ধর্মীয় সম্প্রদায়ের অধিকারের পক্ষে সোচ্চার কণ্ঠ হিসেবে এই ধরনের অনিয়মের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও সুষ্ঠু তদন্ত দাবি করা হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সম্প্রতি প্রকাশিত সাতকানিয়া উপজেলা দুর্গাপূজা উদ্যাপন পরিষদের তালিকা অনুযায়ী ৭৮ নম্বর ক্রমিকে দক্ষিণ কাঞ্চনা তালুকদার বাড়ি শ্যাম মন্দির ঘট পূজা নামের একটি মণ্ডপের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুসন্ধানে জানা যায়, ওই তালিকায় সভাপতি হিসেবে পলাশ দাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে বাবলু তালুকদারের নাম উল্লেখ রয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা দৃঢ়ভাবে জানিয়েছেন যে ওই এলাকায় উল্লেখিত নামে কোনো দুর্গাপূজার মণ্ডপ বা মন্দির নেই এবং সম্পূর্ণ ভুয়া নাম ব্যবহার করে তালিকা তৈরি করা হয়েছে। এই ভুয়া মণ্ডপের দেখিয়ে একটি চক্র সরকারি বরাদ্দ আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। তালিকাভুক্ত সভাপতি পলাশ দাশের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি, ফলে এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। News copied from- 'হিন্দুস নিউজ' অন্যদিকে তালিকায় নাম থাকা সাধারণ সম্পাদক বাবলু তালুকদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সম্পূর্ণ বিস্ময় প্রকাশ করে জানান যে তাকে এই মণ্ডপের সাধারণ সম্পাদক করা হয়েছে কি না তা তিনি কিছুই জানেন না এবং মণ্ডপটি কোথায় অবস্থিত সে সম্পর্কেও তার কোনো ধারণা নেই। এ বিষয়ে সাতকানিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজীব কুমার ধরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে বিষয়টি এই মাত্র তার নলেজে এসেছে এবং কে বা কারা এমন ভুয়া মণ্ডপ দেখিয়ে অর্থ আত্মসাত করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান যে তালিকায় নাম থাকা সভাপতি ও সাধারণ সম্পাদককে ডেকে পাঠানো হয়েছে এবং অনিয়ম-দুর্নীতি করে পার পাওয়ার বিন্দু মাত্র সুযোগ নেই, যারাই জড়িত থাকুক না কেন প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া সাতকানিয়া উপজেলা পূজা মণ্ডপ উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক শ্রী সৈকত পালিত জানান যে তিনি বিষয়টি কিছুদিন আগে শুনেছেন এবং বিস্তারিত জেনে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা ও সরকারি তহবিলের স্বচ্ছতা নিশ্চিত করতে এই ঘটনার নিরপেক্ষ তদন্তপূর্বক দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news