প্রিন্ট এর তারিখ : ৩১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
আপনজনের মঙ্গল কামনায় রাঙ্গুনিয়ায় লোকনাথভক্তদের ঘৃত প্রদীপ প্রজ্বালন উৎসব ১৪ নভেম্বর
সৌরভ সাহা , রাঙ্গুনিয়া প্রতিনিধি ||
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় ব্রত রাখের উপবাসকে কেন্দ্র করে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগামী ১৪ নভেম্বর, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার রাখের উপবাস ও ঘৃত প্রদীপ প্রজ্বালন উৎসব। এ উপলক্ষে উপজেলার শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু মহাউদ্বারণ মঠে পঞ্চম বর্ষের আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধর্মীয় আয়োজনে অংশ নিতে লোকনাথভক্ত ও ব্রতীদের আমন্ত্রণ জানানো হয়েছে। আগ্রহী ব্রতীদের নির্ধারিত প্রণামি প্রদান করে আসন কার্ড সংগ্রহের অনুরোধ করা হয়েছে। আয়োজনসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৮১৫২০১৩৯০, ০১৮২৪৭৫৭৫৯৫ ও ০১৮৪১৩০৪২১৯ নম্বরে।
লোকনাথভক্তদের মধ্যে প্রচলিত রাখের উপবাস কার্তিক ব্রত বা গোসাইয়ের উপবাস নামেও পরিচিত। কার্তিক মাসের শেষার্ধে শনি ও মঙ্গলবার এ ব্রত পালনের রীতি রয়েছে। ব্রত উপলক্ষে ভক্তরা উপবাস থেকে সন্ধ্যায় বাবা লোকনাথের আরাধনা করেন এবং ঘৃত প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে আপনজনের সুস্থতা, দীর্ঘায়ু, শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন।
ধর্মীয় ঐতিহ্য ও প্রচলিত বিশ্বাস অনুযায়ী, আপনজনকে রোগ-শোক থেকে রক্ষা এবং পরিবারের কল্যাণ কামনায় বাবা লোকনাথের স্মরণে এ ব্রত পালন করা হয়। ভক্তদের বিশ্বাস, নিষ্ঠা ও ভক্তিভরে উপবাস ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে প্রার্থনা করলে আপনজনের মঙ্গল কামনা করা যায়।
ব্রত পালনের প্রচলিত রীতি অনুযায়ী, ভক্তরা নির্ধারিত দিনে উপবাস করেন। সন্ধ্যায় আশ্রম বা মন্দিরে গিয়ে কলাপাতায় ফুল, ফল, মাটির প্রদীপ, ঘি ও ধূপসহ পূজার সামগ্রী সাজিয়ে রাখেন। পরে প্রদীপ ও ধূপ প্রজ্বালন করে বাবা লোকনাথের উদ্দেশ্যে প্রার্থনা করেন। পূজার আনুষ্ঠানিকতা শেষে প্রচলিত নিয়মে উপবাস ভঙ্গ করেন। তবে আশ্রম ও মন্দিরভেদে আচার-অনুষ্ঠানের নিয়ম ও সময়সূচিতে কিছুটা ভিন্নতা থাকতে পারে।
রাঙ্গুনিয়ার শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু মহাউদ্বারণ মঠে আয়োজিত এ উৎসবকে ঘিরে স্থানীয় লোকনাথভক্তদের মধ্যে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আয়োজকরা আশা করছেন, এবারের আয়োজনেও বিভিন্ন এলাকার ভক্ত ও ব্রতীদের সমাগম ঘটবে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news