প্রিন্ট এর তারিখ : ০২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
সরুলিয়া বাজারে কালী ও শনি মন্দিরের দানবাক্স ভেঙে চুরি
নিজস্ব প্রতিবেদক ||
সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন সরুলিয়া বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী কালী ও শনি মন্দিরের দানবাক্স ভেঙে নগদ টাকা চুরির ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল এই ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এই ঘটনায় স্থানীয় সনাতনী ধর্মাবলম্বীসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও গভীর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে যেকোনো এক সময়ে চোরেরা মন্দিরের ভেতরে প্রবেশ করে দানবাক্সের তালা ভেঙে সমস্ত টাকা-পয়সা লুট করে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে রাত ৮টার পর মন্দির কমিটির লোকজন মন্দিরে এসে দানবাক্স ভাঙা অবস্থায় দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে স্থানীয়দের বিষয়টি অবহিত করেন।এহেন পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানে চুরির খবর ছড়িয়ে পড়লে এলাকার সনাতনী সমাজের পাশাপাশি সর্বস্তরের মানুষের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। সংবাদ পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মন্দির কমিটির এক সদস্য গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি সাধারণ কোনো চুরি নয়, বরং সরাসরি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার একটি কাপুরুষোচিত অপচেষ্টা। দেবালয়ের পবিত্রতা রক্ষা এবং ভক্তদের দানকৃত অর্থ লুটের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। (News copied from- 'হিন্দুস নিউজ') এদিকে সাম্প্রতিক সময়ে সরুলিয়া এলাকায় মন্দিরে চুরি ছাড়াও স্কুল চত্বর থেকে বিদ্যুতের তার চুরির মতো একের পর এক অপরাধমূলক ঘটনা ঘটায় এলাকাবাসীর নিরাপত্তা নিয়ে বড় ধরণের শঙ্কা তৈরি হয়েছে। সাধারণ মানুষের মানবাধিকার ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে রাতের বেলা পুলিশের টহল জোরদার করার পাশাপাশি দ্রুত চোর চক্রকে গ্রেফতার করে আইনের মুখোমুখি দাঁড় করানোর জোরালো দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন যে, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। খুব শীঘ্রই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news