প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
রাঙ্গুনিয়ার উত্তর সাবেকে তিন দিনব্যাপী শ্যামাপূজার বর্ণাঢ্য আয়োজন
সৌরভ সাহা , রাঙ্গুনিয়া প্রতিনিধি ||
ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি-আরাধনা ও সাংস্কৃতিক উৎসবের আবহে শ্যামাপূজা উদ্যাপনের প্রস্তুতি চলছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর সাবেকে। প্রতিবছরের মতো এবারও সার্বজনীন শ্রীশ্রী শ্যামাপূজা উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে স্থানীয় সংগঠন দ্যা বয়েস ক্লাব। এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ সনাতনী রক ব্যান্ড ‘নির্বাণ’-এর সংগীত পরিবেশনা।সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যে শ্যামাপূজা বিশেষ তাৎপর্য বহন করে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে দেবী আদ্যাশক্তি মহামায়ার শ্যামা বা কালী রূপের আরাধনা করা হয়। অশুভ শক্তির বিনাশ, শুভশক্তির প্রতিষ্ঠা এবং জগৎ সংসারের কল্যাণ কামনায় ভক্তরা এ পূজায় অংশ নেন। দেবী কালীর কাছে পরিবার-পরিজনের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন ভক্তরা।শ্যামাপূজাকে ঘিরে মন্দির ও পূজামণ্ডপগুলোতে চলে বিশেষ প্রস্তুতি। প্রতিমা স্থাপন, পূজার উপাচার, মন্ত্রোচ্চারণ, আরতি ও ভক্তিমূলক সংগীতের মধ্য দিয়ে সৃষ্টি হয় এক আধ্যাত্মিক পরিবেশ। পাশাপাশি আলোকসজ্জা ও সাংস্কৃতিক আয়োজন উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি এ উৎসব স্থানীয় মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধনেরও উপলক্ষ হয়ে ওঠে।উত্তর সাবেকের দ্যা বয়েস ক্লাবের এবারের আয়োজনেও ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি থাকছে নানা সাংস্কৃতিক পরিবেশনা। বিশেষ আকর্ষণ হিসেবে আগামী ৯ নভেম্বর মঞ্চে সংগীত পরিবেশন করবে সনাতনী রক ব্যান্ড ‘নির্বাণ’। ব্যান্ডটির পরিবেশনা ঘিরে তরুণ প্রজন্ম ও সংগীতপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।স্থানীয়দের প্রত্যাশা, তিন দিনব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে উত্তর সাবেক এলাকায় সৃষ্টি হবে উৎসবমুখর পরিবেশ। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনার সমন্বয়ে এবারের শ্যামাপূজা স্থানীয় সনাতন সম্প্রদায়ের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হবে।
উল্লেখ্য, দ্যা বয়েস ক্লাব প্রতিবছর সার্বজনীনভাবে এ পূজার আয়োজন করে আসছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news