প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
ভারত সীমান্তে ২৪ ঘণ্টায় ১০৮ প্যাগোডা নির্মাণ ভুটানের
আন্তর্জাতিক নিউজ ডেস্ক ||
ভারতের সীমান্তবর্তী অঞ্চলে ভুটানের উদ্যোগে এক দিনে একশ আটটি প্যাগোডা বা বৌদ্ধ স্তূপ নির্মাণের এক অভাবনীয় ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত রবিবার দক্ষিণ ভুটানের গেলফু শহরে প্রায় চল্লিশ হাজার স্বেচ্ছাসেবকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন হয়, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হন প্রায় দুই লাখ মানুষ এবং বৌদ্ধ ধর্মীয় গুরুরা। ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের সুদূরপ্রসারী পরিকল্পনায় গড়ে ওঠা পরিবেশবান্ধব ও কল্যাণমুখী অর্থনৈতিক নগরী ‘গেলফু মাইন্ডফুলনেস সিটি’র ভিত্তি স্থাপনের প্রতীকী ও আধ্যাত্মিক অংশ হিসেবে এই ‘প্রজেক্ট ১০৮’ বাস্তবায়ন করা হয়েছে। মাও চু নদীর তীরে সারিবদ্ধভাবে নির্মিত প্রতিটি স্তূপের উচ্চতা প্রায় পঞ্চাশ ফুট এবং একটি থেকে অন্যটির দূরত্ব প্রায় তিনশ চৌষট্টি ফুট, যা বৌদ্ধ ধর্মে অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচিত ‘১০৮’ সংখ্যাটির গভীর তাৎপর্য বহন করে। যদিও কাঠামোগোভাবে নির্মাণকাজ একদিনেই শেষ হয়েছে, তবে এর নেপথ্যে চলেছে দীর্ঘ কয়েক মাসের সুশৃঙ্খল প্রস্তুতি।News copied from- 'হিন্দুস নিউজ'প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই স্তূপগুলোর ভেতরে মর্যাদার সঙ্গে স্থাপন করা হবে পবিত্র অবশেষ, আধ্যাত্মিক গ্রন্থ, প্রার্থনা এবং বিশেষ আশীর্বাদ। বজ্রযান বৌদ্ধধর্মে এই পবিত্র স্তূপগুলোকে ‘জাংচুব চোরতেন’ নামে অভিহিত করা হয়। এটি কেবল একটি প্রকৌশলগত ও স্থাপত্যের রেকর্ড নয়, বরং বিশ্বের সমস্ত মানুষের শান্তি ও কল্যাণের উদ্দেশে উৎসর্গকৃত একটি মহৎ উপহার। বৌদ্ধ দর্শনে স্তূপ নির্মাণকে পরম পুণ্যময় ও আধ্যাত্মিক মুক্তির মাধ্যম হিসেবে দেখা হয়। উদ্বোধনের পর রাতে যখন হাজার হাজার ভক্ত হাতে হলুদ আলোর গোলক নিয়ে স্তূপগুলোর পাদদেশে সমবেত হন এবং তাদের মন্ত্রোচ্চারণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে, তখন সেখানে এক অপূর্ব দিব্য পরিবেশের সৃষ্টি হয়। ডেনিশ স্থপতিদের নিখুঁত নকশায় ভারতের সীমান্তঘেঁষা গেলফু শহরটিতে এই নগরী গড়ে তোলার পেছনে রয়েছে বেকারত্ব হ্রাস, দক্ষ জনশক্তির বিদেশমুখিতা রোধ এবং একটি টেকসই অর্থনীতি নির্মাণের সুনির্দিষ্ট লক্ষ্য। ভুটানের নিজস্ব রাষ্ট্রীয় দর্শন ‘গ্রস ন্যাশনাল হ্যাপিনেস’ বা সামগ্রিক জাতীয় সুখের মূল মন্ত্র হলো অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি শান্তি, ধর্মীয় মূল্যবোধ ও মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত করা, যা এই ১০৮টি স্তূপের ঐতিহাসিক নির্মাণের মধ্য দিয়ে আরও একবার বিশ্ববাসীর সামনে জোরালোভাবে প্রতিফলিত হলো।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news