প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
ঋণ করে জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন: কেড়ে নিল এক ব্যবসায়ীর প্রাণ
নিজস্ব প্রতিবেদক ||
চাঁদপুরে জাঁকজমকপূর্ণ দ্বিতীয় বিয়ের অতিরিক্ত খরচ ও পাহাড়সম ঋণের চাপে জর্জরিত হয়ে বলাই সূত্রধর (৩৫) নামের এক জুয়েলারী ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। গত ১ নভেম্বর রোববার বিকেলে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বহরিয়া বাজারে নিজ দোকানে এসিড পানি পান করেন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।নিহত বলাই সূত্রধর বহরিয়া বাজারের সিআইপি বেড়িবাঁধ সংলগ্ন 'মায়া শিল্পালয়' নামের একটি স্বর্ণের দোকানের স্বত্বাধিকারী ছিলেন এবং তিনি স্থানীয় মৃত ব্যক্তির সন্তান ও চার ভাই-বোনের মধ্যে সবার ছোট। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বলাইয়ের আর্থিক অবস্থা আগে থেকেই ভালো ছিল না। প্রথম স্ত্রী গর্ভাবস্থায় স্ট্রোক করে মারা যাওয়ার পর, প্রথম বিয়ের ধারদেনা শোধ না করেই তিনি ছয় মাসের ব্যবধানে আরও ঋণ করে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে দ্বিতীয় বিয়ে করেন। এরপর নতুন জমি কিনে চৌচালা বাড়ি নির্মাণ করায় তার ঋণের বোঝা আরও বহুগুণ বেড়ে যায়। পরবর্তীতে ব্যবসার মন্দা ও পাওনাদারদের চাপের কারণে তীব্র মানসিক অবসাদ ও হতাশা থেকে তিনি চরম এই পথ বেছে নেন।বহরিয়া বাজারের ফল ব্যবসায়ী আল-আমিন জানান, হতাশা থেকেই বলাই নিজের দোকানে থাকা এসিড পানি পান করেন। এ সময় ছটফট করার শব্দ পেয়ে বাজারের ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কুমিল্লা এলাকায় তার মৃত্যু হয়। News copied from- 'হিন্দুস নিউজ'নিহতের পরিবার ও পুলিশ সূত্রে আরও জানা যায়, বলাইয়ের রেখে যাওয়া একমাত্র চৌচালা বাড়ি ছাড়া সম্বল বলতে আর কিছুই নেই। তার দ্বিতীয় স্ত্রী বৃষ্টি রানী সূত্রধর বর্তমানে সাড়ে তিন বছরের একটি পুত্র সন্তানের জননী এবং তিনি নিজেই ছয় মাসের অন্তঃসত্ত্বা। স্বামীর আকস্মিক মৃত্যুতে তার এবং অনাগত সন্তানের ভবিষ্যৎ পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে। শোকার্ত স্ত্রী স্থানীয় পাওনাদারদের প্রতি মানবিক আবেদন জানিয়ে তার স্বামীর আত্মাকে ক্ষমা করে দেওয়ার পাশাপাশি অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানোর আকুল আর্তি জানিয়েছেন। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news