প্রিন্ট এর তারিখ : ০৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬
৪৪তম রাস মহোৎসব ঘিরে রাঙ্গুনিয়ার রাসবিহারী ধামে বর্ণাঢ্য আয়োজন
সৌরভ সাহা , রাঙ্গুনিয়া প্রতিনিধি ||
শ্রীকৃষ্ণের রাসলীলা, রাধা-কৃষ্ণের প্রেমমাধুর্য এবং মহানাম সংকীর্তনের সুরে মুখরিত হতে যাচ্ছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া। উপজেলার উত্তর সাবেক এলাকার দীঘিরপাড়স্থ ঐতিহ্যবাহী শ্রীশ্রী রাসবিহারী ধামে আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী ৪৪তম শ্রীশ্রী রাস মহোৎসব-২০২৬। ২৬ নভেম্বর পর্যন্ত চলবে এ ধর্মীয় মহোৎসব।
এ উপলক্ষে ধাম প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ধর্মীয় মহাসম্মেলন, শ্রীকৃষ্ণের লীলা প্রদর্শনী, অহোরাত্র মহানাম সংকীর্তন, সমবেত গীতাপাঠ, ধর্মীয় সংগীতানুষ্ঠান, ঘৃতপ্রদীপ প্রজ্বালন, রাসপূজা, ধর্মীয় আলোচনা সভা ও মহাপ্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় কর্মসূচি। উৎসবকে ঘিরে ইতোমধ্যে স্থানীয় ভক্ত-অনুরাগীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
আয়োজক কমিটির প্রকাশিত অনুষ্ঠানসূচি অনুযায়ী, ২৩ নভেম্বর সোমবার দুপুর ১২টায় উত্তর সাবেক রাঙ্গুনিয়া গীতা শিক্ষা নিকেতনের পরিবেশনায় সমবেত গীতাপাঠের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। দুপুর ২টায় অনুষ্ঠিত হবে ধর্মীয় সংগীতানুষ্ঠান। বিকেল ৫টায় ঘৃতপ্রদীপ প্রজ্বালন এবং সন্ধ্যা ৬টায় শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের শুভ অধিবেশন অনুষ্ঠিত হবে। রাতে থাকবে ধর্মীয় আলোচনা সভা ও মহাপ্রসাদ আহ্বান।
২৪ নভেম্বর মঙ্গলবার ব্রহ্মমুহূর্তে মহানামযজ্ঞের ভোরারম্ভের মধ্য দিয়ে শুরু হবে অহোরাত্র শ্রীনাম সংকীর্তন। দিনব্যাপী রাজভোগ নিবেদন ও মহাপ্রসাদ আহ্বানের পাশাপাশি রাত ৮টায় অনুষ্ঠিত হবে শ্রীশ্রী রাসপূজা।
এবারের মহোৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাঁচটি নামযজ্ঞ সম্প্রদায় অংশ নিয়ে মহানাম সংকীর্তন পরিবেশন করবে। অংশগ্রহণকারী দলগুলো হলো—শ্রীশ্রী রাধে শ্যাম সম্প্রদায় (গোপালগঞ্জ), শ্রীশ্রী গৌর চাঁদ সম্প্রদায় (বরিশাল), শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ সম্প্রদায় (মানিকগঞ্জ), শ্রীশ্রী ব্রজের গোপাল সম্প্রদায় (গোপালগঞ্জ) এবং শ্রীশ্রী সৎসঙ্গ সম্প্রদায় (হাতিয়া)। তাঁদের পরিবেশনায় ধাম প্রাঙ্গণ ভরে উঠবে হরিনাম ও ভক্তিমূলক সংগীতের সুরে।
২৫ নভেম্বর বুধবার দিন-রাতব্যাপী অব্যাহত থাকবে মহানাম সংকীর্তন। এদিন দুপুরে ঠাকুরের রাজভোগ নিবেদন এবং রাতে আনন্দবাজারে মহাপ্রসাদ আহ্বানের আয়োজন রয়েছে।
২৬ নভেম্বর বৃহস্পতিবার মহোৎসবের শেষ দিনে মহানাম সংকীর্তনের পূর্ণাহুতি ও নগর পরিক্রমার মধ্য দিয়ে চার দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটবে।
সনাতন ধর্মীয় ঐতিহ্যে রাস মহোৎসবের রয়েছে বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য। শ্রীকৃষ্ণের রাসলীলা এবং রাধা-কৃষ্ণের প্রেম, ভক্তি ও আধ্যাত্মিক মিলনের চিরন্তন মহিমাকে স্মরণ করে ভক্তরা এ উৎসব উদযাপন করেন। ধর্মীয় বিশ্বাস ও ভক্তির আবহে পূজা-অর্চনা, নামসংকীর্তন, গীতাপাঠ এবং ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে ভক্তরা পরমেশ্বরের প্রতি তাঁদের শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন। একই সঙ্গে এ ধরনের আয়োজন সনাতন ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য সুদৃঢ় করতে ভূমিকা রাখে।
শ্রীশ্রী রাসবিহারী ধাম পরিচালনা পরিষদের সভাপতি নির্মল কান্তি চৌধুরী, কার্যকরী সভাপতি অরুণ চৌধুরী, অর্থ সম্পাদক সুমন মজুমদার ও সাধারণ সম্পাদক সেবুব্রত রায় চৌধুরীসহ পরিচালনা পরিষদের সদস্যরা মহোৎসবের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন।
আয়োজকরা জানান, দীর্ঘদিনের ধর্মীয় ঐতিহ্য ও ভক্তিমূলক ধারাবাহিকতা বজায় রেখে প্রতিবছর এ মহোৎসবের আয়োজন করা হয়। ভক্তদের সম্মিলন, শ্রীনাম সংকীর্তন ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগ্রত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
চার দিনব্যাপী এ মহোৎসবে রাঙ্গুনিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং দেশের নানা প্রান্ত থেকে সাধু-সন্ন্যাসী, ভক্ত-অনুরাগী ও দর্শনার্থীদের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা। মহোৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছে শ্রীশ্রী রাসবিহারী ধাম পরিচালনা পরিষদ।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news