প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
প্রতিপক্ষের মামলা নিলেও ভুক্তভোগীদের অভিযোগ নেয়নি পুলিশ
নিজস্ব প্রতিবেদক ||
নীলফামারীর জলঢাকায় একটি পরিবারের বাড়িঘরে হামলা, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাট এবং বসতভিটা দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিতে গিয়েও পুলিশ তা গ্রহণ করেনি বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। উল্টো প্রতিপক্ষের করা মামলায় তাদের পরিবারের তিন সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এসব অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ ও বসতভিটা উদ্ধারের দাবি জানিয়েছেন পরিবারটির সদস্যরা।সোমবার (৯ নভেম্বর) নীলফামারী শহরের একটি গণমাধ্যম কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জলঢাকার কাছারিপাড়া গ্রামের সত্যরানী রায়। এ সময় তার স্বামী প্রফুল্ল চন্দ্র বর্মন, মেয়ে পূজা রানী রায় ও বিথি রানী রায়সহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে সত্যরানী জানান, তার শ্বশুর লক্ষণ চন্দ্র বর্মন ২০১২ সালে দ্বিতীয় স্ত্রী সুশীলা রানীকে পাঁচ শতাংশ জমি দানপত্রের মাধ্যমে লিখে দেন। পরে ২০২৩ সালে আইনিভাবে ওই দানপত্র বাতিল করেন তিনি। তবে শ্বশুরের মৃত্যুর পর দানপত্র বাতিলের বিষয়টি গোপন রেখে গত ৮ মার্চ সুশীলা রানী তার ভাগনে অবিনাশ চন্দ্র রায়ের কাছে ওই জমি ৫ লাখ ১০ হাজার টাকায় বিক্রি করেন বলে অভিযোগ করেন সত্যরানী।তার অভিযোগ, গত ১৬ অক্টোবর অবিনাশ চন্দ্র রায় ও তার সহযোগীরা শতাধিক লোক নিয়ে তাদের বাড়িতে হামলা চালান। এ সময় বাড়িতে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করা হয়। পরে পরিবারের সদস্যদের বাড়ি থেকে বের করে দিয়ে বসতভিটা দখল করে নেওয়া হয়।সত্যরানী বলেন, ঘটনার দিনই প্রতিকার চেয়ে জলঢাকা থানায় লিখিত অভিযোগ দিতে যান তারা। কিন্তু পুলিশ তাদের অভিযোগ গ্রহণ করেনি। অথচ পরদিন ১৭ অক্টোবর তার শাশুড়ি সুশীলা রানী তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগে থানায় মামলা করেন।ভুক্তভোগী পরিবারের দাবি, যথাযথ তদন্ত ছাড়াই গত ৩ নভেম্বর মামলাটি রেকর্ড করে পুলিশ। পরে ওই মামলায় সত্যরানীর স্বামী প্রফুল্ল চন্দ্র বর্মন ও তাদের দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে প্রফুল্ল চন্দ্র বর্মন জামিনে মুক্তি পেলেও তার দুই ছেলে কারাগারে রয়েছেন।সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে সত্যরানী বলেন, ‘আমরা কোনো অন্যায় সুবিধা চাই না। আমরা শুধু আমাদের ন্যায্য অধিকার ও বসতভিটা ফিরে পেতে চাই।’এ সময় প্রধানমন্ত্রী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে তিনি দখল হওয়া বসতভিটা উদ্ধার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং পরিবারের সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।অভিযোগের বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, ‘এই মুহূর্তে আমি বাইরে আছি। থানায় গিয়ে রেজিস্ট্রার দেখে এ বিষয়ে জানাব।’
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news