প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
শাহবাগে মাজার-মন্দিরে হামলা ও মব সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক ||
রাজধানীর শাহবাগে মাজার-মন্দিরে হামলা, ভাঙচুর, মব সন্ত্রাস ও আইনবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি, রংপুরে গণপতি চক্রবর্তী হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত, নারায়ণগঞ্জের লক্ষ্মী নারায়ণ কটন মিল মন্দিরে হামলার বিচারসহ ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়।শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘সৌহার্দ্যের বাংলাদেশ’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথমে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন দাবিতে একটি মশাল মিছিল বের করেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাসান সাহা সুরেশ্বরী দিপু, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মো. ইব্রাহিম মিয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহীন্দ্র কুমার নাথ, ধর্মযাজক প্রণবানন্দ মহারাজ, বাংলাদেশ সনাতন পার্টির (বিএসপি) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়, প্রান্তোষ তালুকদার, টনি মল্লিক, সুবীর কান্তি ধর, কানু লাল কর, অ্যাডভোকেট তরুণ লাল বেগী, নুপুর হালদার, জগন্নাথ হলের সাধারণ সম্পাদক সুদীপ্ত প্রামাণিক, সুফি সম্প্রদায়ের মো. মাহাথির, নাসির উদ্দীন চিশতী ও মুশতাক রাজাজীসহ বিভিন্ন সুফি, সুন্নি, সনাতনী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। তাঁদের স্লোগানের মধ্যে ছিল—‘মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’, ‘তুমি কে, আমি কে—বাঙালি, বাঙালি’, ‘যে হাত মন্দির ভাঙে, সে হাত ভেঙে দাও’ এবং ‘যে হাত মাজার ভাঙে, সেই হাত ভেঙে দাও’। এসব স্লোগানের মধ্য দিয়ে সাম্প্রদায়িক হামলা, ধর্মীয় প্রতিষ্ঠানে ভাঙচুর ও মব সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান তাঁরা।সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িক হামলা, মাজার-মন্দির ভাঙচুর কিংবা মব সন্ত্রাস বরদাশত করা হবে না। দেশের যেকোনো স্থানে মব সন্ত্রাস সংঘটিত হলে দল-মত-ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে আইনসম্মত প্রতিরোধ গড়ে তুলতে হবে। মৌলবাদ ও জঙ্গিবাদের কোনো ঠিকানা এই বাংলায় হতে পারে না বলেও মন্তব্য করেন তাঁরা।বক্তারা অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি, রংপুরে গণপতি চক্রবর্তী হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত এবং নারায়ণগঞ্জের লক্ষ্মী নারায়ণ কটন মিল মন্দিরে হামলার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান। একই সঙ্গে ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন এবং ‘সৌহার্দ্যের বাংলাদেশ’-এর উত্থাপিত ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।বক্তারা আরও বলেন, বাংলাদেশ সবার। মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাম্প্রদায়িকতা, ধর্মীয় বিদ্বেষ ও মব সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন অব্যাহত রাখতে হবে।ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা বন্ধ, নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা সরকারের প্রতি ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news