প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
মন্দির নির্মাণে বাধায় ক্ষোভ থেকে কর্মবিরতি: বন্ধ ঘোষণা চা বাগান, কর্মহীন হাজারো শ্রমিক
নিজস্ব প্রতিবেদক ||
মন্দির নির্মাণে বাধা প্রদান থেকে সৃষ্ট ক্ষোভ এবং বাধাদানকারী কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছিলেন। এই বিক্ষোভকে “কর্মবিরতি ও অস্থিতিশীল পরিস্থিতি” আখ্যা দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফিনলে টি কোম্পানির ডিনস্টন ডিভিশনের আওতাধীন খেজুরীছড়া চা বাগান ও চা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।আগামীকাল ১৩ই নভেম্বর, শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।এমন সিদ্ধান্তের ফলে কর্মহীন হয়ে পড়ছেন বাগানের হাজারো চা শ্রমিক।আজ ১২ই নভেম্বর, বৃহস্পতিবার কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার (এস্টেটস) স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের মহাব্যবস্থাপক গোলাম শিবলী।নোটিশে বলা হয়েছে, খেজুরীছড়া চা বাগান ও কারখানার শ্রমিকরা গত ২৭ থেকে ২৯শে অক্টোবর পর্যন্ত কোনও পূর্বঘোষণা ছাড়াই “বেআইনিভাবে” কর্মবিরতি পালন করেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ডিনস্টন চা কারখানা, পলিপ্যাক কারখানা এবং সেন্ট্রাল ওয়ার্কশপ স্টোরে কর্মরত অন্য শ্রমিকদের হুমকি-ধমকি দিয়ে কর্মস্থল থেকে বের করে নিয়ে আসেন।এতে বাগানে বিশৃঙ্খল ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এমন পরিবেশে কার্যক্রম পরিচালনা অসম্ভব হয়ে পড়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।এ অবস্থায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত)-এর ১৩(১) ধারা অনুযায়ী কোম্পানির নির্দেশক্রমে ১৩ই নভেম্বর থেকে খেজুরীছড়া চা বাগান ও চা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ধারা অনুযায়ী বন্ধ চলাকালে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা কোনও মজুরি পাবেন না।তবে জরুরি সেবা ও সম্পত্তি রক্ষার স্বার্থে পলিপ্যাক কারখানা, ডিনস্টন সেন্ট্রাল ওয়ার্কশপ স্টোর, বাগাল, চৌকিদার, বাংলো, স্টাফ কোয়ার্টার এবং মেডিকেল বিভাগে কর্মরত স্থায়ী শ্রমিকরা (ফিক্সড ওয়ার্কার) এ বন্ধের আওতামুক্ত থাকবেন।খোঁজ নিয়ে জানা গেছে, ডিনস্টন চা বাগানের ভেতরে নিজেদের সম্প্রদায়ের পূজা-অর্চনার সুবিধার্থে ক্ষুদ্র পরিসরে একটি মন্দির নির্মাণের কাজ শুরু করেন স্থানীয় চা শ্রমিকরা। এ সময় বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হুমায়ুন কবির নির্মাণকাজে বাধা দেন।এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। তারা ডিজিএমের প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি শুরু করেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে বাগান কর্তৃপক্ষ ও চা শ্রমিক নেতাদের মধ্যে ত্রিপক্ষীয় বা যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে অন্যত্র বদলি বা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।তবে নির্ধারিত সময়ের মধ্যে সেই সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ বাড়ে। একপর্যায়ে তারা আবারও বিভিন্ন হুমকি-ধমকি ও আন্দোলন শুরু করেন।পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কর্তৃপক্ষ বাগানের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।এ ঘটনায় বাগান বন্ধ থাকায় শ্রমিক ও তাদের পরিবার চরম আর্থিক সংকটে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় সচেতন মহল ও শ্রমিক নেতারা দ্রুত উভয় পক্ষের আলোচনার মাধ্যমে অচলাবস্থা নিরসন এবং শ্রমজীবী মানুষের রুটি-রুজির বিষয়টি বিবেচনায় নিয়ে বাগান চালুর দাবি জানিয়েছেন।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news