প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
জেনারেটরে চুল জড়িয়ে প্রাণ গেল একাদশ শ্রেণির ছাত্রীর
আন্তর্জাতিক নিউজ ডেস্ক ||
ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় কালী প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় এক মর্মান্তিক দুর্ঘটনায় দিয়া সরকার নামে এক একাদশ শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে নদিয়ার তাহেরপুর থানাধীন বাদকুল্লা ২ গ্রাম পঞ্চায়েতের বাপুজিনগর পুরন্দরপুর এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত দিয়া বাবুজিনগর হাইস্কুলের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং তার বয়স হয়েছিল মাত্র আঠারো বছর।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাপুজিনগর পুরন্দরপুর এলাকার শুভশ্রী সঙ্ঘ বারোয়ারির কালীপুজোর প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা বের হয়েছিল। রাতে গড়িয়াপোতা ঘাটে প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে শোভাযাত্রার জেনারেটরবাহী গাড়িতে অবস্থান করছিলেন দিয়া সরকার। গাড়িটি চলন্ত অবস্থায় থাকাকালীন অসাবধানতাবশত চলমান জেনারেটরের মোটরে দিয়ার মাথার চুল জড়িয়ে যায়। এতে প্রচণ্ড বেগে জেনারেটরের সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পান তিনি। (News copied from- 'হিন্দুস নিউজ') প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলেই ওই মেধাবী শিক্ষার্থীর প্রাণহানি ঘটে।ধর্মীয় উৎসব ও শোভাযাত্রার আনন্দের মাঝে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সনাতনী সমাজের ধর্মীয় আচার-অনুষ্ঠান ও শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের নিরাপত্তার বিষয়টি এই ঘটনার পর নতুন করে সামনে এসেছে। উৎসবের আনন্দ যেন কোনো পরিবারের জন্য আজীবনের কান্নায় পরিণত না হয়, সেজন্য যন্ত্রপাতি ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও জননিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তাহেরপুর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে দিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে। শনিবার হাসপাতালে তার দেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এ ঘটনায় বিসর্জনের কাজে ব্যবহৃত জেনারেটরবাহী ইঞ্জিন ভ্যানসহ সবকটি গাড়ি আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news