প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
নওগাঁর পত্নীতলায় যোগীর ঘোপের ৩০০ বিঘা সম্পত্তি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
নিরব কুমার দাস, নওগাঁ প্রতিনিধি ||
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় আলো ও চকভানীপুর যোগীর ঘোপ এলাকাবাসীর আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় ঐতিহাসিক যোগীর ঘোপ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন নাইস পারভীন, আজিজুর রহমান স্বপন, স্থানীয় বাসিন্দা জগদীশ সিং এবং মন্দিরের সেবায়েত সেকাইনাথ মহন্তসহ অন্যরা।বক্তারা অভিযোগ করেন, ঐতিহাসিক যোগীর ঘোপের দেবোত্তর সম্পত্তি দখলের অপচেষ্টা চলছে। তাঁরা বলেন, যোগীর ঘোপ শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি বাংলার প্রাচীন নাথধর্ম, সাধন-সংস্কৃতি ও ঐতিহাসিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন। তাই এই সাধনপীঠের সম্পত্তি রক্ষায় প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দ্বাদশ শতাব্দী থেকে নাথ সম্প্রদায়ের ঐতিহ্য বহন করে আসছে যোগীর ঘোপ। ইতিহাস, আধ্যাত্মিকতা ও লোকসংস্কৃতির অনন্য নিদর্শন এই সাধনপীঠে রয়েছে গোরক্ষনাথ মন্দির, বিমলা দেবীর মন্দির, শিব মন্দিরসহ একাধিক উপাসনালয় এবং নাথ সম্প্রদায়ের সিদ্ধ সাধকদের সমাধি।প্রতি বছর ১০ থেকে ১২ বৈশাখ তিন দিনব্যাপী এখানে গোরক্ষনাথ ও বিমলা দেবীর মেলা অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশের অসংখ্য ভক্ত, সাধু-সন্ন্যাসীর সমাগম ঘটে।স্থানীয় সূত্রের দাবি, যোগীর ঘোপের অধীনে প্রায় ৩০০ বিঘা দেবোত্তর সম্পত্তি রয়েছে। এসব সম্পত্তি দখলের অপচেষ্টার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।মানববন্ধন থেকে দেবোত্তর সম্পত্তির সুষ্ঠু সংরক্ষণ, অবৈধ দখলচেষ্টা বন্ধ এবং ঐতিহাসিক যোগীর ঘোপের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news