প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
মাগুরায় ১০৬টি মণ্ডপে ৫ দিনব্যাপী কাত্যায়নী পূজা শুরু
অভ্র অর্পন ||
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব শ্রী শ্রী কাত্যায়নী পূজা শুরু হয়েছে মাগুরায়। রোববার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই মহোৎসবকে কেন্দ্র করে এখন পুরো মাগুরা শহর বর্ণিল আলোয় ও উৎসবের আমেজে সেজে উঠেছে। শারদীয় দুর্গাপূজার ঠিক এক মাস পর অনুষ্ঠিত হওয়া সনাতনীদের এই প্রাণের উৎসব শুধু মাগুরাতেই সীমাবদ্ধ নয়, বরং এটি সমগ্র বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় অধিকার চর্চার এক অনন্য নিদর্শন। পূজা উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে সুদৃশ্য তোরণ ও দৃষ্টিনন্দন প্যান্ডেল। প্রাচীন ইতিহাস, সনাতনী ঐতিহ্য ও স্থাপত্যশিল্পের আদলে সাজানো হয়েছে প্রতিটি মণ্ডপ। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস জানিয়েছেন, এ বছর জেলায় মোট ১০৬টি মণ্ডপে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে, যা আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে।মাগুরায় এই পূজার ইতিহাসের গোড়াপত্তন হয়েছিল ১৯৫০ সালের দিকে শহরের পারনান্দুয়ালি এলাকার বাসিন্দা সতীশ মাঝির হাত ধরে। পেশায় মুদি দোকানি এই মানুষটি আনুষ্ঠানিকভাবে প্রথম এই পূজার সূচনা করেছিলেন। আশির দশকেও এই আয়োজন কেবল শহরের ছানার বটতলা, নিজনান্দুয়ালি, নতুন বাজার, বাটিকাডাঙ্গা এবং জামরুল তলার মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে সময়ের পরিক্রমায় সনাতনীদের সম্মিলিত প্রচেষ্টায় এর ব্যাপ্তি ও মণ্ডপের সংখ্যা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মাগুরায় কাত্যায়নী পূজার আমেজ ও ব্যাপকতা শারদীয় দুর্গাপূজাকেও ছাড়িয়ে গেছে। পূজাকে কেন্দ্র করে শহরের প্রতিটি সনাতনী পরিবারে আত্মীয়-স্বজনের আগমন ঘটেছে। বিশেষ করে অষ্টমী ও নবমীর দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ভক্ত ও দর্শনার্থী এই মহোৎসবে শামিল হবেন বলে আশা করা হচ্ছে। (News copied from- 'হিন্দুস নিউজ')সনাতন ধর্মীয় শাস্ত্র ও পুরাণ মতে, দ্বাপর যুগে ব্রজের গোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে ঈশ্বর, সখা ও পতি রূপে পাওয়ার মানসে এক মাসব্যাপী কঠোর আরাধনা করেছিলেন। কার্তিক ও অগ্রহায়ণ মাসের সেই সাধনা শেষে গোপীগণ যমুনা নদীর তীরে বালু দিয়ে দেবী কাত্যায়নীর মূর্তি গড়ে পূজা অর্চনা করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করেন। সেই পৌরাণিক ঐতিহ্য মেনেই আজও কাত্যায়নী পূজা পালিত হয়। এই পূজায় প্রতিমা স্থাপন ও আচার-অনুষ্ঠান দুর্গাপূজার আদলে হলেও এর বিশেষত্ব হলো দেবী দুর্গার কোলে বালক শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন করা। অর্থাৎ, আদ্যাশক্তি দেবী দুর্গার আরাধনার মাধ্যমেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করা এই পূজার মূল আধ্যাত্মিক দর্শন। মাগুরা নিজনান্দুয়ালী নিতাই গৌর সেবাশ্রমের অধ্যক্ষ চিন্ময়নন্দ দাস চঞ্চল জানান, পৌরাণিকতা ও ধর্মীয় গাম্ভীর্য অক্ষুণ্ণ রেখেই এবার প্রতিটি মন্দির নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। অন্যদিকে ছানাবাবুর বটতলার প্রতিমা শিল্পী উজ্জ্বল অধিকারী এবারের প্রতিমায় আধুনিক শিল্পকলার মাধ্যমে মানুষের জন্ম থেকে মৃত্যুর আধ্যাত্মিক রহস্য ফুটিয়ে তুলেছেন।এবারের পূজার মূল আকর্ষণ থাকছে পৌরসভা এলাকার জামরুল তলা, নতুন বাজার, ছানার বাবুর বটতলা, বাটিকাডাঙ্গা, সাতদোহা, নিজনান্দুয়ালী ও পারনান্দুয়ালীসহ শহরের ১৪টি প্রধান মণ্ডপে। পূজা উপলক্ষে শহরের নতুন বাজার ও ছানার বটতলায় বসেছে বিশাল গ্রামীণ মেলা, যা পূজা শেষ হওয়ার পরও আরও সাত দিন চলবে। নতুন বাজার স্মৃতি সংঘের সভাপতি কনক কান্তি সাহা এবং ছানাবাবুর বটতলার সাধারণ সম্পাদক বিকাশ সাহা জানান, সনাতনীদের এই ধর্মীয় উৎসব ঘিরে এলাকায় সব ধর্মের মানুষের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং এ বছরের আয়োজন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এদিকে ভক্ত ও দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে মাগুরা পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেনের নেতৃত্বে প্রশাসন কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। মণ্ডপ এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news