প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
দিনাজপুরে শ্মশানের বটগাছের নিচে মাটি খুঁড়ে মিলল রাধাকৃষ্ণের যুগল প্রতিমা
নিজস্ব প্রতিবেদক ||
দিনাজপুরের খানসামা উপজেলায় একটি শ্মশান ঘাটের বটগাছের নিচে মাটি খুঁড়ে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ পাওয়ার দাবি করেছেন প্রদীপ সরকার (২৫) নামের এক যুবক। প্রায় সাড়ে চার বছর ধরে স্বপ্নে বিগ্রহটি দেখার পর অবশেষে তা খুঁজে পেয়েছেন বলে দাবি তাঁর। বিগ্রহটি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য, কৌতূহল ও ভক্তির আবহ।শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে দিনাজপুরের খানসামা উপজেলার ৩ নম্বর আঙ্গারপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ছাতিয়ানগড় দক্ষিণ জেলে পাড়া, জ্যোতিষ মাস্টার পাড়া এলাকার শ্মশান ঘাটে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।প্রদীপ সরকার জানান, প্রায় সাড়ে চার বছর ধরে তিনি স্বপ্নে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ দেখে আসছিলেন। তাঁর দাবি, শুক্রবার সকালেও স্বপ্নে তাঁকে বিগ্রহটি বাড়িতে নিয়ে আসার কথা বলা হয়। সেই স্বপ্নের পর তিনি শ্মশান ঘাটের বটগাছের নিচে গিয়ে মাটি খুঁড়তে শুরু করেন। একপর্যায়ে সেখান থেকে রাধাকৃষ্ণের একটি যুগল বিগ্রহ খুঁজে পান বলে দাবি করেন তিনি।বিগ্রহটি পাওয়ার পর ঢাকঢোল বাজিয়ে এবং পূজা-অর্চনার মধ্য দিয়ে সেটি নিজ বাড়িতে নিয়ে আসেন প্রদীপ সরকার। বিগ্রহটি বাড়িতে আনার পর সেখানে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজার আয়োজন করা হয়। পাশাপাশি ভক্তদের জন্য খিচুড়ি রান্নার ব্যবস্থাও করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও উৎসুক মানুষ বিগ্রহটি দেখতে তাঁর বাড়িতে ভিড় জমাতে শুরু করেন।প্রদীপ সরকারের দাবি, বিগ্রহটি শ্মশান ঘাট থেকে উদ্ধারের সময় তাতে কোনো মুকুট ছিল না। তবে বাড়িতে নিয়ে এসে প্রার্থনা করার পর তিনি স্বপ্নে মুকুটের বিষয়ে জানতে পারেন। পরে ঘরে গিয়ে নিজের টেবিলের ওপর একটি মুকুট দেখতে পান বলে জানান তিনি। এরপর সেই মুকুটটি রাধাকৃষ্ণের যুগল বিগ্রহে পরিয়ে দেন। তাঁর আরও দাবি, পাঁচ বছর পর আবারও রাধাকৃষ্ণের বিগ্রহ পাওয়ার স্বপ্ন দেখেছেন তিনি।এদিকে, উদ্ধার হওয়া যুগল বিগ্রহটি সোনার নাকি পিতলের তৈরি, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। কেউ কেউ বিগ্রহটি সোনার তৈরি বলে ধারণা করছেন, আবার অনেকে এটিকে পিতলের তৈরি বলে মনে করছেন। তবে এখন পর্যন্ত বিগ্রহটির ধাতব উপাদান পরীক্ষা করে নিশ্চিত করা হয়নি। ফলে এর প্রকৃত উপাদান ও মূল্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।ঘটনার খবর পেয়ে খানসামা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।প্রায় সাড়ে চার বছর ধরে স্বপ্নে বিগ্রহ দেখার দাবি, শ্মশান ঘাটের বটগাছের নিচে মাটি খুঁড়ে যুগল বিগ্রহ উদ্ধার এবং মুকুটকে ঘিরে রহস্য—সব মিলিয়ে ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। তবে বিগ্রহটির প্রকৃত পরিচয়, নির্মাণকাল ও ধাতব উপাদান সম্পর্কে নিশ্চিত হতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও যাচাইয়ের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news