প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
দুবলার চরে ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা ও পুণ্যস্নান শুরু ২২ নভেম্বর, সনাতনী তীর্থযাত্রীদের জন্য ৫ নৌপথ নির্ধারণ
অভ্র অর্পন ||
আবহমান বাংলার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে যাতায়াতের জন্য পাঁচটি নিরাপদ নৌপথ নির্ধারণ করেছে বন বিভাগ। আগামী ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই পুণ্যস্নান ও পূজা অনুষ্ঠিত হবে। শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী তীর্থযাত্রী ও পুণ্যার্থীদের নির্বিঘ্ন যাতায়াত, ধর্মীয় আচার পালন এবং সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে সুন্দরবন পশ্চিম ও পূর্ব বন বিভাগের পক্ষ থেকে এই বিশেষ ব্যবস্থা ও একগুচ্ছ নির্দেশনা জারি করা হয়েছে।বন বিভাগের তথ্যমতে, লঞ্চ, ট্রলার, স্পিডবোট ও দেশি নৌকাযোগে তীর্থযাত্রীরা অনুমোদিত পাঁচটি রুটের যেকোনো একটি ব্যবহার করে দুবলার চরে পৌঁছাতে পারবেন। নির্ধারিত পথগুলোর মধ্যে প্রথম রুটটি বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে শুরু হয়ে বাটুলানদী, বলনদী ও পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে সরাসরি দুবলার চরে যাবে। দ্বিতীয় রুটটি কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা এবং পরবর্তীতে শিবসা নদী ও মরজাত হয়ে দুবলার চরে পৌঁছাবে। তৃতীয় রুট হিসেবে নলিয়ান স্টেশন হয়ে শিবসা ও মরজাত নদীপথ নির্ধারণ করা হয়েছে। এছাড়া চতুর্থ রুটটি ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদী হয়ে দুবলার চরে যাবে এবং পঞ্চম রুটটি বগী, বলেশ্বর, সুপতি, কচিখালী ও শেলারচর হয়ে সুন্দরবনের বাইরের পথ দিয়ে দুবলার চরে পৌঁছাবে। যাতায়াতের পুরো পথে পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ডের টহল দল সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত থাকবে।(News copied from- 'হিন্দুস নিউজ')তীর্থযাত্রীদের সুশৃঙ্খল ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বন বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিনের জন্য নির্ধারিত এন্ট্রি পয়েন্টে জাতীয় পরিচয়পত্রের কপিসহ আবেদন ও বিধি মোতাবেক রাজস্ব পরিশোধ সাপেক্ষে প্রবেশ পাস দেওয়া হবে। অনুমতিপত্রে সিল দিয়ে নির্ধারিত রুট উল্লেখ থাকবে এবং পুণ্যার্থীদের ২২ নভেম্বর দিনের ভাটায় যাত্রা শুরু করতে হবে। নিরাপত্তার স্বার্থে নৌযানগুলো কেবল দিনের বেলায় চলাচল করতে পারবে এবং বন বিভাগের নির্ধারিত চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও নোঙর করতে বা থামাতে পারবে না। প্রতিটি জলযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা বয়া রাখার পাশাপাশি নৌযানের গায়ে রং বা স্টিকার দিয়ে বিএলসি বা সিরিয়াল নম্বর এবং যাত্রীর সংখ্যা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। বনে প্রবেশের সময় প্রত্যেক পুণ্যার্থীকে একটি করে টোকেন দেওয়া হবে, যা বনে অবস্থানকালীন সবসময় সাথে রাখতে হবে এবং প্রতিটি নৌযানকে আলোরকোলে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে বাধ্যতামূলকভাবে রিপোর্ট করতে হবে।উৎসব চলাকালে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যাতায়াত ও অবস্থানের সময় কোনো প্রকার আগ্নেয়াস্ত্র, বিস্ফোরকদ্রব্য, পটকা বা বাজি ফোটানো, মাইক বাজিয়ে শব্দদূষণ করা এবং হরিণ শিকারের ফাঁদ বা গাছ কাটার সরঞ্জাম বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান জানান, সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেমন—প্লাস্টিকের প্লেট, পানির বোতল, গ্লাস ও চামচ বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বনে প্রবেশের সময় প্রত্যেক সনাতনী পুণ্যার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি সঙ্গে রাখতে হবে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের পক্ষ থেকে পুণ্যার্থীদের নির্ধারিত ফরেস্ট স্টেশনে রাজস্ব পরিশোধ করে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news