প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
এনসিটিবির পাঠ্যসূচিতে যুক্ত হলো 'শিবকল্পতরু' স্বামী অদ্বৈতানন্দের বর্ণাঢ্য জীবন ও দর্শন
অভ্র অর্পন ||
বিংশ শতাব্দীর প্রখ্যাত বাঙালি যোগী, দার্শনিক ও আধ্যাত্মিক সাধক শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের বর্ণাঢ্য জীবন, ত্যাগ ও সাধনার ইতিহাস এখন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (NCTB) নবম শ্রেণির 'হিন্দু ধর্ম শিক্ষা' পাঠ্যপুস্তকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে। ভক্তদের কাছে পরম শ্রদ্ধায় 'শিবকল্পতরু' নামে খ্যাত এই মহান সাধক চট্টগ্রামের বাঁশখালীর ঐতিহ্যবাহী 'ঋষিধাম' এবং বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক 'ঋষিকুম্ভ ও কুম্ভমেলা'-র প্রবর্তক হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। ১৯০৩ সালের ১৯ মে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বাণীগ্রামে জন্ম নেওয়া এই সাধক তাঁর পুরো জীবনজুড়ে মানবকল্যাণ, অদ্বৈত বেদান্ত দর্শন প্রচার এবং সনাতন সংস্কৃতির শেকড় মজবুত করতে নিরলস কাজ করে গেছেন। তাঁর প্রতিষ্ঠিত ঋষিধাম এবং পরবর্তীতে চট্টগ্রাম শহরের নন্দনকাননস্থ তুলসীধাম আশ্রম কেবল উপাসনালয় হিসেবেই সীমাবদ্ধ থাকেনি, বরং এটি আর্তমানবতার সেবা, অনাথ আশ্রম পরিচালনা ও শিক্ষার আলো ছড়ানোর এক বিশাল কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। ১৯৬৬ সালের ১৬ এপ্রিল চট্টগ্রাম শহরের নন্দনকাননস্থ শ্রীশ্রী তুলসীধামে তিনি মহাসমাধিতে মগ্ন হন। পাঠ্যপুস্তকে তাঁর মতো মহান সনাতন সাধকের জীবনী অন্তর্ভুক্ত হওয়ায় দেশের হিন্দু সম্প্রদায় ও তরুণ প্রজন্ম তাদের শিকড় ও গৌরবোজ্জ্বল ঐতিহ্য সম্পর্কে গভীরভাবে জানতে পারবে, যা সনাতনীদের সাংস্কৃতিক ও ধর্মীয় অধিকার রক্ষায় এক যুগান্তকারী মাইলফলক। এদিকে জাতীয় পাঠ্যপুস্তকে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের বর্ণাঢ্য জীবন ও অবদান অন্তর্ভুক্ত করার এই ঐতিহাসিক পদক্ষেপে গভীর সন্তোষ প্রকাশ করে সাধুবাদ জানিয়েছেন দেশের সচেতন সনাতনী মহল। সনাতনী সমাজ মনে করে, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, আধ্যাত্মিক চেতনা এবং নিজেদের প্রকৃত ইতিহাস তুলে ধরতে এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। বিশেষ করে এই যুগান্তকারী অর্জনে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ঋষিধামের সন্ন্যাসী, বাংলাদেশী বংশদ্ভূত আমেরিকান নাগরিক ও বিশ্ব পরিব্রাজক শ্রীমৎ স্বামী শুভানন্দ পুরী মহারাজ। তিনি এই অন্তর্ভুক্তির সাথে জড়িত সংশ্লিষ্ট সরকারি প্রশাসন ও নীতিপ্রণেতাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন যে, এই মহৎ উদ্যোগের ফলে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত আনন্দিত এবং এটি আমাদের ঐতিহ্য সংরক্ষণের এক উজ্জ্বল দৃষ্টান্ত।News copied from- 'হিন্দুস নিউজ'তাঁর অমর কৃতি 'দশমহাবিদ্যা', 'উপাসনা পদ্ধতি', 'গীতায় গুরুশিষ্য' এবং 'শিবলিঙ্গতত্ত্ব'-এর মতো প্রামাণ্য গ্রন্থগুলো আধ্যাত্মিক সাধকদের জন্য পথপ্রদর্শক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। বাঁশখালীর গহিন অরণ্যে কঠোর তপস্যা সাধনার মাধ্যমে তিনি যে ঐশ্বরিক জ্ঞান লাভ করেছিলেন, তা আজও দেশ ও দেশের বাইরে ভক্তদের মাঝে আলো ছড়াচ্ছে। তাঁর প্রতিষ্ঠিত শ্রীগুরু সংঘ এবং দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অদ্বৈত আশ্রম ও মঠগুলো মানবসেবা, অন্নদান, চিকিৎসা এবং ত্রাণ কার্যক্রমের মাধ্যমে সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত রেখেছে। বাঙালি সনাতনীদের অধিকার, ঐতিহ্য এবং আধ্যাত্মিক চেতনা সুরক্ষায় এ ধরনের জীবনদর্শন পাঠ্যপুস্তকে স্থান পাওয়া ঐতিহাসিক এক স্বীকৃতি, যা আগামী দিনে তরুণ সমাজকে প্রকৃত দেশপ্রেম ও মানবপ্রেমে উদ্বুদ্ধ করবে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news