প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
শিক্ষাঙ্গনে মব তদন্তে জাতিসংঘের প্রতিনিধিদল: সরকারের জোরালো প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক ||
জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘটিত অনভিপ্রেত ঘটনা, শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ এবং মব-সহিংসতার প্রকৃত চিত্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও নিরপেক্ষ তদন্ত করতে বাংলাদেশে আসছেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত তাঁর নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় অবস্থান করবে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর ঢাকা অফিস এই সফর ও তদন্তকাজে সার্বিক সহায়তা প্রদান করবে।সফরকালে প্রতিনিধিদলটি মব-সহিংসতার শিকার শিক্ষক, ক্যাম্পাসে লাঞ্ছনার সম্মুখীন শিক্ষার্থী এবং এসব ঘটনায় প্রাণ হারানো শিক্ষকদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলবেন। পাশাপাশি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষাবিদ ও সুশীল সমাজের সঙ্গেও মতবিনিময় করবেন। ইতোমধ্যে ‘পদবঞ্চিত প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষক জোট’-এর ব্যানারে ভুক্তভোগী শিক্ষকরা জাতিসংঘের নির্ধারিত অনলাইন ফরমে নথিপত্র, অডিও ও ভিডিও প্রমাণাদি জমা দিয়েছেন। জোটের দাবি অনুযায়ী, সারাদেশে প্রায় ছয় হাজার শিক্ষক জোরপূর্বক পদত্যাগ ও বরখাস্তের শিকার হয়েছিলেন, যার মধ্যে আড়াই হাজার শিক্ষক আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ায় কাজে ফিরলেও সাড়ে তিন হাজারের বেশি শিক্ষক এখনো শ্রেণিকক্ষের বাইরে মানবেতর দিন কাটাচ্ছেন এবং ছয়জন শিক্ষকের মৃত্যুর পাশাপাশি চার শতাধিক শিক্ষক মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এ ছাড়া কানাডাভিত্তিক মানবাধিকার সংস্থা গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্স (জিসিডিজি)-এর সাম্প্রতিক প্রতিবেদনে উত্থাপিত নিপীড়ন ও শিক্ষার স্বাধীনতা খর্ব হওয়ার অভিযোগগুলোও এই সফরের আলোচনায় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। (News copied from- 'হিন্দুস নিউজ')তবে জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং সুবিধাভোগী একটি মহল আন্তর্জাতিক অঙ্গনে একতরফা তথ্য দিয়ে বাংলাদেশের মানবাধিকার ও শিক্ষা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর বয়ান সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে বলে গোয়েন্দা প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এমন প্রেক্ষাপটে অপপ্রচার রোধ এবং দেশের প্রকৃত অবস্থান তুলে ধরতে স্বরাষ্ট্র, শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ সমন্বয়ে একটি তথ্যভিত্তিক ‘কাউন্টার ন্যারেটিভ’ বা পাল্টা জবাব প্রস্তুত করা হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিগত সরকারের আমলে শিক্ষাঙ্গনে ছাত্রলীগের দখলদারিত্ব, ভিন্নমতের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর দীর্ঘমেয়াদী নিপীড়ন, শিক্ষকদের দলীয় লেজুড়বৃত্তি ও অনিয়ম এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে সাধারণ ছাত্র-জনতার ওপর চালানো নৃশংস হামলার প্রামাণ্য নথি প্রতিনিধিদলের সামনে উপস্থাপন করা হবে। একই সঙ্গে জোরপূর্বক পদত্যাগ রোধ ও ভুক্তভোগীদের পুনর্বাসনে বর্তমান প্রশাসনের গৃহীত পদক্ষেপগুলোও তুলে ধরা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ইউজিসি ও মাউশিসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতোমধ্যে তথ্য-উপাত্ত সংকলনের কাজ এগিয়ে নিয়েছে, যাতে কোনো রাজনৈতিক প্রোপাগান্ডার বদলে যাচাইযোগ্য সত্য ও মানবাধিকারসম্মত প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক মহল সঠিক চিত্র জানতে পারে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news