প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
মাগুরায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ৮ মাসের শিশু রাশমিতা চক্রবর্তীর মরদেহ
নিজস্ব প্রতিবেদক ||
মাগুরার মহম্মদপুর উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর পুকুর থেকে আট মাস বয়সী শিশু রাশমিতা চক্রবর্তীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বালিদিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর উত্তরপাড়া এলাকার রাস্তার পাশের একটি পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয় এক যুবক। প্রথমে মরদেহটিকে বড় পুতুল মনে করে তিনি লাঠি দিয়ে টেনে পুকুরের পাড়ে আনেন। পরে সেটি একটি শিশুর মরদেহ বুঝতে পেরে চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে মহম্মদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে শিশুটির পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহটি রাশমিতা চক্রবর্তীর বলে শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।শিশুটির বাবা সমীর কুমার চক্রবর্তী ওরফে কুটে জানান, গত ১৬ নভেম্বর দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টার মধ্যে তিনি স্ত্রী নন্দীতা ও আট মাস বয়সী মেয়ে রাশমিতাকে নিয়ে বাড়ি থেকে বের হন। মহম্মদপুর বাজার থেকে কয়েকটি কাপড় কেনার কথা ছিল তাঁদের। তবে ওই দিন সন্ধ্যার দিকে একটি ফোনকলের মাধ্যমে তিনি জানতে পারেন, তাঁর স্ত্রী অন্য একটি স্থানে একা রয়েছেন, কিন্তু তাঁর কোলে শিশুটি নেই।এ খবর পেয়ে সমীর কুমার তাঁর ভাই কৃষ্ণকে সঙ্গে নিয়ে সেখানে যান। পরে স্ত্রীকে একা অবস্থায় দেখতে পান। শিশুটির কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন এবং পুলিশের সহযোগিতা চান। কিন্তু নিখোঁজের দুই দিন পর বুধবার সকালে লক্ষ্মীপুর উত্তরপাড়া এলাকার একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার হয়।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ১৬ নভেম্বর সন্ধ্যার আগে মরদেহ উদ্ধারের স্থান থেকে কয়েকশ গজ দূরে শিশুটির মাকে একা ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। সে সময় তাঁর কোলে কোনো শিশু ছিল না বলে দাবি করেছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। এসব বিষয় সামনে আসার পর শিশুটির নিখোঁজ হওয়া ও মৃত্যুর ঘটনা নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে শিশুটির মৃত্যুর সঙ্গে মায়ের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।এদিকে সমীর কুমার চক্রবর্তী ও নন্দীতা দম্পতির আগের দুই সন্তানের মৃত্যুর বিষয়টিও সামনে এসেছে। জানা গেছে, তাঁদের প্রথম সন্তান ১৩ বছর বয়সী ছেলে সৌমিক চক্রবর্তী। পরবর্তী সময়ে জন্ম নেওয়া দ্বিতীয় সন্তান চার মাস বয়সে মারা যায়। এবার তাঁদের আট মাস বয়সী তৃতীয় সন্তান রাশমিতারও মৃত্যু হলো। তবে আগের শিশুটির মৃত্যুর কারণ কী ছিল এবং সেই ঘটনার সঙ্গে বর্তমান মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়গুলো তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।সন্তান হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা সমীর কুমার চক্রবর্তী। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তাঁর সন্তান কীভাবে মারা গেল এবং কীভাবে পানিতে পড়ল, তার প্রকৃত রহস্য তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করা হোক। বাবা হিসেবে তিনি এ ঘটনার সঠিক বিচার চান। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।এ বিষয়ে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে মহম্মদপুর থানা-পুলিশ আট মাস বয়সী শিশু রাশমিতার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে। শিশুটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।পুলিশ সুপার আরও জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন, জিজ্ঞাসাবাদ এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
আট মাসের শিশু রাশমিতার এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি উদ্বেগ তৈরি হয়েছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ কী, কীভাবে সে পুকুরে পৌঁছাল এবং ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না—এসব প্রশ্নের উত্তর এখন তদন্তের ওপর নির্ভর করছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন শিশুটির বাবা।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news