প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬
কোটালিপাড়া পারকোনা ঐতিহ্যবাহী গনেশ পাগল সেবাশ্রমে বাৎসরিক মহোৎসবে ভক্তদের ঢল
দেবাশিষ সরকার (স্টাফ রিপোর্টার), স্টাফ রিপোর্টার ||
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার পারকোনা গ্রামে অবস্থিত শ্রী শ্রী গণেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রমে প্রতিবছরের ন্যায় এবারও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো ঐতিহ্যবাহী বার্ষিক মহোৎসব। আজ মঙ্গলবার (২১ পৌষ), ৬ জানুয়ারি ২০২৬, মহোৎসবকে কেন্দ্র করে গোটা মন্দির প্রাঙ্গণ পরিণত হয়েছে ভক্তদের মিলনমেলায়।অত্র অঞ্চল ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত এবং ভারত, নেপাল ও ভুটান থেকে ছুটে আসা হাজার হাজার ভক্তের উপস্থিতিতে এলাকাটি মুখরিত হয়ে ওঠে। স্থানীয় প্রবীণদের মতে, প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে এই উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। আধ্যাত্মিক সাধক গণেশ পাগলের স্মৃতিবিজড়িত এই স্থানটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত।
সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে চলছে মতুয়া কীর্তনের ধনি, বাউল গান এবং বিশেষ যজ্ঞানুষ্ঠান। উৎসবকে কেন্দ্র করে মন্দির সংলগ্ন বিশাল এলাকাজুড়ে বসেছে গ্রামীণ মেলা। দূর-দূরান্ত থেকে আসা নানান পসরা সাজিয়ে বসা দোকানপাট মেলার পরিবেশকে করে তুলেছে উৎসবমুখর।
মহোৎসবের অন্যতম আকর্ষণ ছিল দিনরাতব্যাপী চলা প্রসাদ বিতরণ। আগত লক্ষাধিক ভক্তের জন্য ভোর থেকে রাত পর্যন্ত চলে প্রসাদ তৈরি ও বিতরণের এক বিশাল কর্মযজ্ঞ।মন্দির কমিটির তথ্যমতে, মহামানব গণেশ পাগল ছিলেন একজন সিদ্ধপুরুষ, যার মহাপ্রয়াণ ঘটে ১৩৩৫ বঙ্গাব্দে। তাঁর স্মৃতি রক্ষার্থে এবং বাণী প্রচারের উদ্দেশ্যেই ভক্তরা এই সেবাশ্রম গড়ে তোলেন। মন্দিরের রাধাকৃষ্ণ মন্দিরের ফটকে ‘১২২৫ বঙ্গাব্দ’ লেখা ফলকটি গণেশ পাগলের সমসাময়িক সময়ের সাক্ষ্য বহন করে। ভক্তদের বিশ্বাস, এই ধামে এসে ভক্তিভরে প্রার্থনা করলে এবং মেলায় অংশ নিলে বিপদ-আপদ থেকে মুক্তি পাওয়া যায়।
যদিও সেবাশ্রমের ৩শ বছরের পুরনো ঐতিহ্যবাহী বটবৃক্ষটি সম্প্রতি ভেঙে পড়েছে, তবুও ভক্তদের আবেগে বিন্দুমাত্র ভাটা পড়েনি। কোটালীপাড়ার এই মহোৎসব এখন আর কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এটি ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news