প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
জমিদার অখিল চন্দ্র সেন থেকে কোর্ট হিল: শতবর্ষী চট্টগ্রাম আদালতের অজানা ইতিহাস
নিজস্ব প্রতিবেদক ||
চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক কোর্ট হিল এলাকায় অবস্থিত শতবর্ষী আদালত ভবনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে পটিয়ার ছনহরা গ্রামের বিশিষ্ট জমিদার ও জাহাজ ব্যবসায়ী অখিল চন্দ্র সেনের নাম। উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে অখিল চন্দ্র সেন এই পাহাড়টি ক্রয় করেছিলেন এবং সেই সময় থেকেই এলাকাটি সনাতন সমাজের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত ছিল। পরবর্তীতে ১৮৮৯ সালে তৎকালীন ব্রিটিশ সরকার বিচার ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য আদালত ও প্রশাসনিক ভবন নির্মাণের লক্ষ্যে আইনগত প্রক্রিয়ায় তাঁর কাছ থেকে পাহাড়টি অধিগ্রহণ করে।এর ধারাবাহিকতায় ১৮৯৩ থেকে ১৮৯৪ সালের মধ্যে প্রায় ছয় লাখ টাকা ব্যয়ে সেখানে দৃষ্টিনন্দন ঐতিহাসিক আদালত ভবন নির্মিত হয়। সময়ের পরিক্রমায় এবং বিচারিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার ফলে সেই স্থানটি সাধারণ মানুষের কাছে কোর্ট হিল নামে পরিচিতি লাভ করে। আজও চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার এক অনন্য ও গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে এই আদালত ভবন।(News copied from- 'হিন্দুস নিউজ')ঐতিহাসিক প্রেক্ষাপট ও নামকরণ নিয়ে বিভিন্ন সময় নানা আলোচনা ও ব্যাখ্যা উঠে এসেছে। ঐতিহাসিক আবদুল হক চৌধুরীর লেখা ‘বন্দর শহর চট্টগ্রাম’ গ্রন্থের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যে ব্রিটিশ আমলে পাহাড়টির ‘ফেয়ারি হিল’ নামে পরিচিত থাকার প্রসঙ্গ এসেছে, যার অর্থ পরী। এখান থেকেই পরীর পাহাড় নামের একটি ব্যাখ্যা পাওয়া যায় বলে উল্লেখ করা হয়। তবে এই নামকরণ ও ব্যবহার নিয়ে পরবর্তী সময়ে বিতর্ক সৃষ্টি হয় এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ‘কোর্ট হিল’ নামের পক্ষে শক্ত অবস্থান নেয়। ২০২১ সালে এ বিষয়ে দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে আদালত এটিকে পরীর পাহাড় না লিখে আনুষ্ঠানিকভাবে ‘কোর্ট হিল’ হিসেবে উল্লেখ করার রায় দেয়। ইতিহাসের পাতায় পটিয়ার জমিদার অখিল চন্দ্র সেনের অবদান এবং আইনি রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত ‘কোর্ট হিল’ পরিচিতি—উভয়ই আজ চট্টগ্রামের ঐতিহ্য ও মানবাধিকার ও ন্যায়বিচারের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news