প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
রংপুরে চার হত্যাকাণ্ডে ফরেনসিক তথ্য গায়েবের অভিযোগ, অভিযোগপত্র ফেরত নিল ডিবি
নিজস্ব প্রতিবেদক ||
রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ডের তদন্ত ও অভিযোগপত্র দাখিলের প্রক্রিয়ায় ফের বড় ধরনের প্রশ্ন ও অসংগতি সামনে এসেছে। অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং তাঁদের দুই সন্তান আগামী ও আয়ুশ চক্রবর্তীকে হত্যার মামলায় সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সংযুক্ত না থাকায় চার্জশিট জমা না দিয়েই আদালত থেকে ফিরিয়ে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আদালতের সংশ্লিষ্ট শাখায় কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় এসব ত্রুটি ধরা পড়ে।গত রোববার (২২ নভেম্বর) সকালে রংপুর মহানগর দায়রা জজ আদালতে মামলার চার্জশিট দাখিলের উদ্দেশ্যে যান তদন্ত কর্মকর্তা মহানগর ডিবি পুলিশের পরিদর্শক জিন্নাত আলী। তবে নথিপত্র যাচাইয়ের সময় ফরেনসিক প্রতিবেদনসহ প্রয়োজনীয় তথ্যের ঘাটতি ও অসংগতি নজরে এলে তিনি অভিযোগপত্র জমা না দিয়েই ফিরিয়ে নেন। এ প্রসঙ্গে রংপুর মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল হাদী বেলাল জানান, চার্জশিটে ত্রুটি থাকায় তা সংশোধন করতে বলা হয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সমীচীন হবে না।আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংগৃহীত আলামত ও ফরেনসিক পরীক্ষার ফলাফলের সঙ্গে চার্জশিটের তথ্যের সমন্বয় নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগপত্র তৈরিতে গভীর ও অনুসন্ধানী তদন্তের পরিবর্তে গ্রেপ্তারকৃত দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ওপর অতিরিক্ত নির্ভরশীলতার অভিযোগ উঠেছে।(News copied from- 'হিন্দুস নিউজ')অথচ সিআইডির ফরেনসিক পরীক্ষায় ঘটনাস্থল থেকে সংগৃহীত কয়েকটি গুরুত্বপূর্ণ আলামতে ওই দুই আসামির ডিএনএ পাওয়ার তথ্য রয়েছে। খেজুরের বিচি, শসার টুকরা, বিড়ির শেষাংশ এবং নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় প্যাঁচানো গামছার নমুনায় এসব ডিএনএ মিলেছে বলে জানা গেছে। কিন্তু অভিযোগ উঠেছে, এসব পরীক্ষার প্রতিবেদন চার্জশিটের সঙ্গে দাখিল করা হয়নি, যা তদন্তের স্বচ্ছতা ও চার্জশিটের গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছে।একই সঙ্গে গ্রেপ্তারকৃত দুইজন ছাড়া এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে অন্য কেউ জড়িত ছিল কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই সন্দিহান নিহতের স্বজন, অপরাধ বিশেষজ্ঞ এবং মানবাধিকারকর্মীরা। একটি সনাতনী পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় নেপথ্যের সম্ভাব্য অন্য কারও সম্পৃক্ততা তদন্তে কতটা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হয়েছে, তা নিয়েও উদ্বেগ রয়ে গেছে। মানবাধিকার ও ন্যায়বিচারের স্বার্থে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের প্রতিটি দিক নিরপেক্ষ ও নির্ভুলভাবে উদঘাটন করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।তদন্ত ও চার্জশিটের অসংগতি বিষয়ে জানতে রংপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ এবং মহানগর ডিবির উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে চার্জশিট দাখিলের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ডিবি সূত্রে আরও দাবি করা হয়েছে, তদন্ত কর্মকর্তা পরিদর্শক জিন্নাত আলী অল্প সময়ের মধ্যেই অবসরে যাবেন, তাই দ্রুত তদন্ত গুছিয়ে চার্জশিট তৈরির চেষ্টা করেছিলেন তিনি। তবে অবসরের আগে কাজ শেষ করার তাড়াহুড়ো থেকেই এমন অসংগতি তৈরি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার নিজ বাসভবন থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও তাঁদের দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন ২৩ আগস্ট নিহতের বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে রংপুর কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হলে তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। শুরুতে কোতোয়ালি থানা-পুলিশ তদন্ত করলেও পরবর্তীতে দায়িত্ব পায় মহানগর ডিবি। এখন সংশোধিত চার্জশিটে সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ সব আলামত যথাযথভাবে যুক্ত হয় কি না এবং সম্ভাব্য অন্য জড়িতদের বিষয়টি স্পষ্ট হয় কি না, সেদিকেই তাকিয়ে আছেন স্বজনসহ সংশ্লিষ্ট সবাই।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news