প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬
চট্টগ্রামে জগদ্ধাত্রী পূজার অনুষ্ঠানে মদপানে দুইজনের মৃত্যু, হাসপাতালে আরও কয়েকজন
||
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মোহরা খেজুরতলা এলাকায় জগদ্ধাত্রী পূজার একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে মদপানের পর অসুস্থ হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।গত রোববার (২২ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মারা যান নান্টু ঘোষ ও উজ্জ্বল দেব। নিহতদের একজনের বয়স আনুমানিক ৫৫ বছর। তিনি মোহরা খেজুরতলা এলাকার বাসিন্দা। অপরজনের বয়স প্রায় ৫২ বছর। তাঁর বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে চান্দগাঁও থানার মোহরা খেজুরতলা ব্রাহ্মণপাড়া এলাকায় মগধেশ্বরী মন্দিরে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি কয়েকজন ব্যক্তি মদপান করেন বলে জানা গেছে। পরবর্তী সময়ে তাঁদের মধ্যে পাঁচ থেকে ছয়জন অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের চট্টগ্রাম নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে একজন এবং সন্ধ্যায় অপরজনের মৃত্যু হয়। ইতোমধ্যে তাঁদের মরদেহ সৎকার করা হয়েছে। সৎকারের পর পুলিশ মৃত্যুর বিষয়টি জানতে পারে বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন।ওসি জানান, চিকিৎসক ও স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওই অনুষ্ঠানে মদপানের পর কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে নেওয়া হলে দুজনের মৃত্যু হয়। সত্য সনাতন টিভি এদিকে ঘটনার পর এলাকায় উদ্বেগ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। কী ধরনের মদ পান করার কারণে তাঁরা অসুস্থ হয়ে পড়েছিলেন, সেটি নিয়েও আলোচনা চলছে। তবে মদে বিষাক্ত বা ক্ষতিকর কোনো উপাদান ছিল কি না, তা এখনো পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।ঘটনায় অসুস্থ অন্য ব্যক্তিদের শারীরিক অবস্থা এবং মদ সংগ্রহের উৎস সম্পর্কে বিস্তারিত তথ্যও এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় তদন্ত ও চিকিৎসা-সংক্রান্ত পরীক্ষার ফল গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং অসুস্থ ব্যক্তিদের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news