প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬
ভারত ২০৭০ সালেও বৃহত্তম হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ থাকবে
||
বিশ্বের ধর্মভিত্তিক জনসংখ্যা ২০৭০ সালে কী রকম হতে পারে, তার একটা পূর্বাভাস পাওয়া গেছে পিউ রিসার্চ সেন্টারের একটি নতুন গবেষণায়।ওই গবেষণার তথ্য অনুযায়ী, পাকিস্তান ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বড়ো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বিবেচিত হবে আর ভারত থাকবে দ্বিতীয় স্থানে। বাংলাদেশেও মুসলিম জনসংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি দেখতে পাবে বলে ধারণা করা হচ্ছে।পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় ধারণা করা হয়েছে যে সেই সময়ে হিন্দুরা ভারতের জনসংখ্যার ৭৬% হবে, আর মুসলমান ধর্মাবলম্বীদের অংশ ১৫% থেকে বৃদ্ধি পেয়ে ২০% হবে। শতাংশের হিসাবে ২০২০ সালে হিন্দুরা ছিলেন জনসংখ্যার ৭৯%।এই পরিবর্তন হবে মূলত বয়স ও প্রজনন-হারের ফারাকের কারণে। ভারতীয় মুসলিমদের গড় বয়স হিন্দুদের থেকে কম এবং গড়পড়তা হিসাবে তাদের সন্তানের সংখ্যাও বেশি।গবেষণাটি আগামী ৫০ বছরের সময়কালে বিশ্বের ধর্মভিত্তিক জনসংখ্যার গঠন কীরকম হতে পারে, তার একটা অনুমান দিয়েছে। এই গবেষণা চালানো হয়েছে ২০১টি দেশ ও অঞ্চলের তথ্যের ওপর ভিত্তি করে। যার ফলে বিশ্ব জনসংখ্যার প্রায় সবটাকেই অন্তর্ভুক্ত হয়েছে এই গবেষণায়।পিউ রিসার্চ সেন্টারের এই গবেষণায় ২০২০ থেকে ২০৭০ পর্যন্ত সাতটি ধর্মীয় গোষ্ঠীর জনসংখ্যার ওপরে নজর রাখা হয়েছে। ধরে নেওয়া হয়েছে যে ওই সাতটি গোষ্ঠীর জনবিন্যাসের সাম্প্রতিক প্রবণতা পুরো সময়কাল জুড়ে একই থাকবে।এই সাতটি ধর্মীয় গোষ্ঠীর প্রতিটির জনসংখ্যা ও গড় বয়স ২০২০ সালের আদমশুমারি ও জরিপের তথ্যে যা ছিল, তার সঙ্গে প্রজনন হারের পার্থক্য ও ধর্ম পরিবর্তনের মতো বিষয়গুলিকেও যুক্ত করা হয়েছে।এই গবেষণার ফলাফল ভারতকে বৈশ্বিক ধর্মীয় প্রেক্ষাপটের পরিবর্তনের ভরকেন্দ্রে নিয়ে এসেছে।প্রায় ৩৩.৪ কোটি মুসলমান মানুষকে নিয়ে ভারতই ২০৭০ সালের মধ্যে পাকিস্তানের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।অন্যদিকে প্রায় ৪৬.১ কোটি মুসলমানের দেশ হিসাবে পাকিস্তান ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে সবচেয়ে বড়ো মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে।তবে ভারতের ধর্মীয় জনবিন্যাসে পরিবর্তনের যে বিভিন্ন নাটকীয় ভাষ্য দেওয়া হয়ে থাকে, পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় উঠে আসা তথ্য সেসব ভাষ্যকে খুব একটা সমর্থন জোগায় না।যদি জনবিন্যাসের বর্তমান প্রবণতা অব্যাহত থাকে, তাহলে ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে দেশের হিন্দু জনসংখ্যা ১৭.৬ কোটি বৃদ্ধি পাবে বলে গবেষণায় বলা হয়েছে। অর্থাৎ, দেশের জনসংখ্যার তিন-চতুর্থাংশেরও বেশি এখনকার মতো, হিন্দুরাই থাকবেন।ভারতের সামগ্রিক প্রজনন-হার দ্রুত কমলেও মুসলিম নারীরা এখনও গড়ে হিন্দু নারীদের তুলনায় বেশি সন্তান জন্ম দেন। পিউ এই পরিবর্তনকে মূলত জনবিন্যাসের গতিধারার সঙ্গেই যুক্ত করেছে।ভারতীয় মুসলিমদের গড় বয়স ২০২০ সালে ছিল ২৪ বছর, যেখানে হিন্দুদের গড় বয়স ছিল ২৯।পিউয়ের হিসাব অনুযায়ী ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে ভারতে মুসলিম নারীদের গড়ে ২.৩টি করে সন্তান হবে, যেখানে হিন্দু নারীদের গড় সন্তান সংখ্যা ১.৮ জন করে।"ভারতে ধর্মীয় জনসংখ্যায় যে পরিবর্তন হবে, আমাদের ধারণা যে, সেটা পুরোপুরিই চালিত হবে হিন্দু ও মুসলিমদের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা জনবিন্যাসগত পার্থক্যের মাধ্যমেই, যেখানে মুসলিমরা বয়সে তরুণ এবং তাদের প্রজনন হার বেশি," বিবিসিকে বলছিলেন পিউ রিসার্চ সেন্টারের স্টেফানি ক্রেমার।"প্রজনন হারের ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমেছে – ১৯৯২ সালে প্রতি নারী গড়ে একটি শিশুর জন্ম দিতেন, সেখান থেকে এখন গড়ে তা অর্ধেক হয়ে গেছে এবং এই হার ক্রমশ কমতে থাকবে," মন্তব্য তার।"কিন্তু হিন্দুদের মধ্যে যে প্রজনন হার তা ইতোমধ্যেই পরিবর্তন যোগ্য স্তরের নিচে, অন্যদিকে মুসলমানদের প্রজানন হার আরও দুই দশক ধরে সেই স্তরের ওপরেই থাকবে বলে ধারণা করা হচ্ছে," জানাচ্ছিলেন তিনি।প্রজনন হারের পরিবর্তন যোগ্য স্তর হলো এমন একটি অবস্থা, যেখানে নতুন জন্মের হার একটি স্থিতিশীল জনসংখ্যা বজায় রাখতে যথেষ্ট।এই পূর্বাভাসগুলো মোটেও অবাক করার মতো নয় বলে জানাচ্ছিলেন প্রিন্সটন ইউনিভার্সিটির ভারতীয় জনসংখ্যাবিদ কেএস জেমস।"মুসলিম ও হিন্দুদের মধ্যে প্রজনন হারের ব্যবধান তো সুপ্রতিষ্ঠিত তথ্য এবং এর অর্থ হলো আগামী কয়েক দশক মুসলিম জনসংখ্যার বৃদ্ধি দ্রুততরই থাকবে। কিন্তু সব ধর্মীয় সম্প্রদায়ের মধ্যেই প্রজনন হার কমছে এবং এই ব্যবধান আরও কমে আসার প্রত্যাশা রয়েছে," বিবিসিকে বলছিলেন মি. জেমস।তার কথায়, "শেষ পর্যন্ত, দুই সম্প্রদায়ের প্রজনন হার একটি জায়গায় চলে আসবে।"তিনি এও বলেন যে এই পূর্বাভাসগুলো ভারতের জনসংখ্যাগত ধারাবাহিকতায় কোনো নাটকীয় পরিবর্তনের দিকে ইঙ্গিত করে না। হিন্দু দক্ষিণপন্থিদের দাবি খারিজহিন্দু দক্ষিণপন্থি গোষ্ঠীগুলো যে প্রায়ই জোরদার দাবি তোলে যে মুসলিমরা শেষ পর্যন্ত হিন্দুদের চেয়ে সংখ্যায় বেশি হয়ে যাবে, সেই দাবি অবশ্য খারিজ করে দিচ্ছেন জনসংখ্যাবিদরা।তারা বলেন, এরকম কোনো উল্লেখযোগ্য প্রমাণ নেই যে ধর্মান্তরকরণের মাধ্যমে ভারতের জনসংখ্যা পরিবর্তন হচ্ছে। পূর্বাভাসগুলোতেও এরকম কোনো "উদ্বেগজনক পরিস্থিতি" আভাস পাওয়া যাচ্ছে না।পিউ রিসার্চের এই প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার একটি বৃহত্তর চিত্রও সমানভাবে উঠে এসেছে।পাকিস্তানের মুসলিম জনসংখ্যা ২০৭০ সালের মধ্যে দ্বিগুণেরও বেশি হয়ে ৪৬.১ কোটিতে পৌঁছিয়ে যাবে বলে ধারণা করা হয়েছে ওই গবেষণা পত্রে। এর ফলে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ হবে পাকিস্তান। ভারত ৩৩.৪ কোটি মুসলমানের দেশ হিসাবে দ্বিতীয় স্থানে থাকবে, আর বাংলাদেশের মুসলিম জনসংখ্যা ২১.৮ কোটিতে পৌঁছাবে।অন্যদিকে, ভারত ও নেপালই শুধুমাত্র বিশ্বের দুটি হিন্দু-সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে থাকবে।অবশ্যই, এগুলো জনসংখ্যাগত পূর্বাভাস। পিউ রিসার্চ সেন্টার তাদের গবেষণায় ধরে নিয়েছে যে প্রজননের সাম্প্রতিক ধরণ, অভিবাসন এবং ধর্ম পরিবর্তন ইত্যাদি অব্যাহত থাকবে।"অনেক ঘটনা আছে যা ধর্মীয় জনগোষ্ঠীকে প্রভাবিত করতে পারে, যেমন যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি এবং অর্থনৈতিক বা সামাজিক পরিস্থিতির পরিবর্তন, যা এখানে বিশ্লেষণ করা হয়নি," বলা হয়েছে ওই গবেষণায়।ভারতের ক্ষেত্রেও ধর্মীয় গঠনের ভিত্তি ধরা হয়েছে ২০২০ সালকে, যা আসলে ২০১১ সালের আদমশুমারিতে ধরা পড়েছিল, কারণ এর পরে আদমশুমারি পিছিয়ে গেছে।তবুও, বিস্তৃত দিকনির্দেশনাটি স্পষ্ট।বিশ্বের ধর্মীয় গঠনের জন্য দক্ষিণ এশিয়া অপরিহার্য হয়ে থাকবে। তা যে শুধুমাত্র ভারতের বিপুল সংখ্যক হিন্দু জনসংখ্যার কারণে, তা নয়, বরং ক্রমবর্ধমান মুসলিম জনসংখ্যার কারণে। আফ্রিকা ক্রমশ খ্রিষ্টধর্মের ভবিষ্যৎ গড়ে তুলবে, আর ইউরোপ ও পূর্ব এশিয়ার কিছু অংশ আরও ধর্মনিরপেক্ষ হয়ে উঠবে।স্পষ্টতই, ২০৭০ সালের মধ্যে, বিশ্বের ধর্মীয় পরিবেশ স্পষ্টভাবে অন্যরকম হয় উঠতে পারে, যেখানে ধর্ম পরিবর্তন নয়, প্রজনন হার, মৃত্যু হার এবং অভিবাসনের অসম সংখ্যাতত্ত্বই নির্ণায়ক হয়ে উঠতে পারে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news