প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
নড়াইলে গুজব ও অপপ্রচারের প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
||
নড়াইলের কালিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় নড়াইল প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন সময়ে সনাতন ধর্মাবলম্বীদের রাজনৈতিক স্বার্থে ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করা হয়। এবারও কালিয়ায় ২০০ হিন্দু পরিবারের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে একইভাবে তাঁদের ব্যবহার করার চেষ্টা করা হয়েছে।বক্তারা বলেন, তাঁরা আর কোনো রাজনৈতিক দলের ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহৃত হতে চান না। জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হিসেবে তাঁরা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। নিজেদের স্বার্থ হাসিলের জন্য কেউ যেন হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করার চেষ্টা না করেন, সে আহ্বান জানান তাঁরা।এ সময় ফেসবুকসহ ভারতের কয়েকটি গণমাধ্যমে হিন্দু সম্প্রদায়কে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ও অপপ্রচার চালানোর প্রতিবাদ ও নিন্দা জানান বক্তারা।মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নড়াইল জেলা শাখার সভাপতি কল্যাণ মুখার্জি, সাধারণ সম্পাদক মিলন কুমার ঘোষ, পূজা উদযাপন ফ্রন্টের নড়াইল সদর থানা সভাপতি ধীমান কুমার রায়, সাধারণ সম্পাদক সুজন কুমার রায়, পূজা উদযাপন ফ্রন্টের নড়াইল জেলা শাখার যুগ্ম সদস্যসচিব তারক চন্দ্র হাজরা এবং সনাতন ধর্মীয় নেতা নিত্যানন্দ বসু প্রমুখ।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news