প্রিন্ট এর তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬
বিয়ের পাত্রী দেখতে যাওয়ার দিনই নির্মমভাবে খুন পাম্পকর্মী রিপন সাহা
||
রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে পালানোর সময় এক পাম্পকর্মীকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজনের বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনে। নিহত পাম্পকর্মীর নাম রিপন সাহা (৩২)। তিনি সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামের পবিত্র সাহার ছেলে।প্রত্যক্ষদর্শী ও একই পাম্পের কর্মচারী নজরুল ইসলাম জানান, ভোর সোয়া চারটার দিকে একটি কালো রঙের পাজেরো জিপ ফিলিং স্টেশনে আসে। গাড়িটিতে প্রায় পাঁচ হাজার টাকার তেল নেওয়া হয়। তেল দেওয়ার পর চালক টাকা না দিয়েই হঠাৎ গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে রিপন গাড়ির পেছনে দৌড় দেন। কিছুদূর এগোতেই দ্রুতগতির গাড়িটি তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে দেখা যায়, তাঁর মাথার ঘিলু বের হয়ে গেছে এবং দেহটি নিথর অবস্থায় পড়ে আছে।করিম গ্রুপের ব্যবস্থাপক ইমরান হোসেন জীবন বলেন, তাঁদের একজন কর্মচারীকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। বিষয়টি গভীরভাবে শোকাহত করেছে প্রতিষ্ঠানটিকে। কোম্পানির নীতিমালা অনুযায়ী নিহত রিপনের পরিবারের পাশে দাঁড়ানো হবে এবং প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে বলে তিনি জানান।ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। শুক্রবার দুপুরে নিহত রিপনের বাড়িতে গিয়ে দেখা যায়, উঠানে বসে মা ও দুই বোন আহাজারি করছেন। বৃদ্ধ বাবা পবিত্র সাহা নির্বাক হয়ে একটি চেয়ারে বসে ছিলেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, শুক্রবারই রিপনের জন্য বিয়ের পাত্রী দেখতে যাওয়ার কথা ছিল। সংসারের বড় ছেলে হিসেবে পরিবারের সব দায়িত্ব তাঁর কাঁধেই ছিল। সেই ছেলেকেই এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত অভিযুক্তদের শনাক্ত করা হয়। ঘটনার পরপরই অভিযান চালিয়ে জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন ও তাঁর গাড়িচালক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার জিয়াউর রহমান জানান, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে— তেল নেওয়ার পর টাকা না দিয়ে পালানোর সময় রিপন গাড়ির সঙ্গে দৌড় দিলে তাঁকে চাপা দেওয়া হয়, এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আবুল হাশেম সুজনের বিরুদ্ধে আগে থেকেই অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। তিনি সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছিলেন। ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news