সন্দ্বীপে হিন্দু প্রবাসী ব্যক্তির স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও লুটপাটের অভিযোগ
প্রভাবশালীদের বিরুদ্ধে ধামাচাপার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২৬, ১১:৪৪
546 জন পড়েছেন
চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ায় এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও লুটপাটের অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, জেলে পাড়ার বাসিন্দা হরিধন সর্দারের বাড়িতে বসবাসরত প্রবাসী মনহরি দাসের স্ত্রীকে গভীর রাতে অস্ত্রধারী একদল ব্যক্তি ঘরে ঢুকে হামলা চালায়।
এ সময় স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটের চেষ্টা করা হয়। বাধা দিলে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে কেফায়েত ও বাবলুর নাম উঠে এসেছে। তারা স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব মাহবুবুল আলম শিমুলের অনুসারী হিসেবে পরিচিত বলে এলাকাবাসীর অভিযোগ।
এছাড়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা ও হুমকি প্রদানের অভিযোগ উঠেছে নাসির উদ্দীন ওরফে এবং মাহবুবুল আলম শিমুলের বিরুদ্ধে।
জানা যায় , অভিযুক্তদের পক্ষ নিয়ে ঘটনাটি ধামাচাপা দিতে রাতেই তারা সক্রিয় হন এবং সাক্ষ্য দিলে কঠোর পরিণতির হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগীর চিৎকারে এলাকাবাসী জড়ো হলে কয়েকজনকে আটক করা হলেও পরে প্রভাবশালী মহলের হস্তক্ষেপে তাদের ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পরদিন সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে এক ব্যক্তি নিজেকে বিষয়টির মীমাংসাকারী দাবি করে ভুক্তভোগীকে প্রকাশ্যে হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে।
আরও জানা যায়, স্থানীয় জেলে সম্প্রদায়ের মানুষেরা দীর্ঘদিন ধরে বিভিন্ন নির্যাতনের শিকার হলেও ভয়ে মুখ খুলতে পারেন না। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সূত্র : সন্দীপ সংযোগ